২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর নতুন ডিপ্লোমা কোর্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের উদ্যোগে এবং ড্যানিডার সহযোগিতায় ‘পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা-ইন সিভিক জার্নালিজম’ শীর্ষক একটি প্রকল্পের অধীনে জনসাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর (পোস্ট-গ্রাজুয়েট) কোর্স চালু হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

দু’বছরের এই প্রকল্পে ড্যানিডা ৩৬ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

স্নাতক পাশ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং নারীরা এই কোর্সে ভর্তির ব্যাপারে অগ্রাধিকার পাবেন। । কোর্সের মেয়াদ ১০ মাস। ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানানো হয়।

রাবি-র গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান এবং এই প্রকল্পের সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাবি-র সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এম. সাদেকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক সোনালী সংবাদ-এর নির্বাহী সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে জনসাংবাদিকতা শিক্ষার এই সুযোগ দক্ষিণ এশিয়াতে এই প্রথম। আগামি আগস্ট মাসের মধ্যেই শিক্ষার্থী ভর্তিসহ ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে। প্রতি সেশনে  ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এদের মধ্যে থাকবে ৩০ শতাংশ মহিলা ও ৩০ শতাংশ কর্মরত সাংবাদিক। ১০ মাস সময়ের মধ্যে শিক্ষার্থীদের ৮০০ নম্বরের ৮ টি কোর্স (প্রতিটি ১০০ নম্বরের) পড়ানো হবে। এছাড়া মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫০ নম্বরের। ওই সময়কালে ৪০৮ টি ক্লাশ নেয়া হবে। কোর্সে একজন শিক্ষার্থীর মোট ব্যয় হবে ২ হাজার ৫০ টাকা।

৭ জুলাই বৃহস্পতিবার থেকে এই কোর্সে ভর্তির আবেদনপত্র ছাড়া হবে। আগামী ২২ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ক্লাশ শুরু হবে ২২ আগস্ট। আবেদন ফরম রাবি-র গণযোগাযোগ বিভাগে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২৫ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ প্রকল্পটি অনুমোদিত হয়।