নিজেকে খুলনা মহানগর জামাতের একটি ওয়ার্ডের আমীর দাবি করেছে সাংবাদিক বেলাল হত্যা মামলার আসামি ধীরা
খুলনায় সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার সন্দেহভাজন আসামি শাহাবুদ্দিন লস্কর ধীরাকে ঢাকায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের খুলনা মহানগর ২৭ নং ওয়ার্ডের আমির হিসেবে দাবি করেছেন।
ধীরা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি যে ২৭ নং ওয়ার্ডের আমীর, এ সংক্রান্ত উপযুক্ত প্রমাণ তার কাছে রয়েছে। তার নামে বিভিন্ন কর্মসূচির চিঠিও রয়েছে। অবশ্য এ বক্তব্য অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি।
এদিকে ডিমপির পল্টন থানা পুলিশ ধীরাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর আদালতে প্রেরণ করেছে।
খুলনা থেকে ঢাকা যাওয়া পুলিশ দল বুধবার ঢাকার আদালতে খুলনায় সংঘটিত সাগর ও শিপলু হত্যা মামলায় শো’ন এ্যারেস্টের কপি দাখিল করেছে। কেএমপির উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ধীরাকে খুলনায় আনতে আইনী কার্যক্রমের জন্যে আরও দুএকদিন সময় লাগতে পারে।
সাংবাদিক বেলাল হত্যায় ধীরাকে শো’ন এ্যারেস্ট করা হচ্ছে না। এ মামলায় ধীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছে। খুলনা থেকে যাওয়া সাত সদস্যের পুলিশ দল বুধবার ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হয়েছে।
সূত্র জানায়, ধীরাকে খুলনায় আনার পর একাধিক বোমা হামলা ও চরমপন্থীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, ধীরার সাথে একাধিক ইসলামী জঙ্গী সংগঠনের সম্পর্ক রয়েছে। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী ইসলামী জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহেদীন ও বাংলা ভাইয়ের সাথেও তার যোগাযোগ রয়েছে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওপর বোমা হামলা মিশনের নায়ক মুফতি হান্নানের বিরুদ্ধে হুলিয়া জারি হওয়ার পর সে খুলনা মহানগরীর দোলখোলায় ধীরার বাড়িতে সাত দিন আত্মগোপন করেছিল। মুফতি হান্নান খুলনায় তার আশ্রয়ে আরও কিছু দিন থাকার পর ধীরা তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে।
সূত্র আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন চরমপন্থী দলের কাছে অস্ত্র, রিমোট কন্ট্রোল, বোমা ও গ্রেনেড সরবরাহ করে ধীরা রাতারাতি কোটিপতি ব্যবসায়ীতে পরিণত হয়। ধীরা প্রকাশ্যে ঠিকাদারী ব্যবসা করলেও কাজ আদায়ে প্রশাসনিক দপ্তরে চরমপন্থীদের ব্যবহার করতো।
এদিকে সাংবাদিক শেখ বেলাল হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ধীরার স্বীকারোক্তি অনুযায়ী খুলনার কয়েকজন সাংবাদিকের ওপর নজর রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো। বেলাল হত্যার সাথে কয়েকজন সাংবাদিক জড়িত রয়েছে বলে গোয়েন্দা সংস্থার কাছে একাধিক তথ্য রয়েছে বলে জানা গেছে।
