২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশমন্ত্রীসহ চার মন্ত্রী পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক ডার্টি ডজেন’র নাম শোনেননি

স্টকহোম কনভেনশনে বিশ্ব মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় যে ১২টি রাসায়নিক পদার্থের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের দেশের অন্ততঃ চারজন মন্ত্রী অবগত নন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এমনকি তারা এই পারসিসটেন্ট অর্গানিক পোল্যুটেন্ট (পপস) এর নামও শোনেন নি। যদিও স্টকহোম কনভেশন চুক্তিতে বাংলাদেশও স্বাক্ষর করেছে।

পপস সম্পর্কে অবগত নন এই চারজন মন্ত্রী হলেন, পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বাংলাদেশ ন্যাশনাল ইমপ্লিমেনটেশন প্লান শীর্ষক একটি কর্মশালায় আমন্ত্রিত হয়ে মন্ত্রীরা বিষয়টি সম্পর্কে অবগত হন। আর বিষয়টি জানার পর তারা দেশের পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর এই ১২ টি রাসায়নিক দ্রব্য যা পপস নামে পরিচিত সেগুলোকে দুর করার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন।

ইউএনডিপি এবং পরিবেশ বিভাগের ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম জানান, পপস বিষয়টি তার কাছে সম্পুর্ন অজানা ছিল। মানবদেহ ও প্রাণীর ওপর পপস’র ক্ষতিকারক প্রভাব সর্ম্পকে সাধারণ মানুষ অবগত নয় বলে জানালেন মন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসাস মাহমুদ বলেন, নগরায়ন তথা শিল্পায়নের ফল হচ্ছে এই পপস। তিনি বলেন, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোতে বহুজাতিক কোম্পানিগুলোই এইধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করছে।

মন্ত্রী বলেন, এই কোম্পানিগুলোর উচিত তাদের উৎপাদিত রাসয়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা। আর এই কাজের সম্পুর্ণ ব্যয়ভার তাদেরই বহন করা উচিত বলে মনে করেন মন্ত্রী।

কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যকে পপস নামে অভিহিত করা হয়। এ রাসায়নিকগুলো পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এবং মানবদেহ ও পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। নয়টি কীটনাশক, শিল্প কারখানার একটি রাসায়নিক ও অনিচ্ছাকৃতভাবে তৈরি দু’টি রাসায়নিক ‘ডার্টি ডজেন’ নামেও পরিচিত।