বান্দরবানের দূর্গম পাহাড়ে যৌথ অভিযান: বিচ্ছন্নতাবাদী আটক, গোলাবারুদ উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম মায়ানমার সীমান্তের নাইক্ষংছড়িতে নিরাপত্তা বাহিনী প্রায় ১১ ঘন্টা অভিযান চালিয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের একটি আস্তানা দখল করেছে।
নিরাপত্তা সূত্র জানায়, সেনা বাহিনী ও বিডিআর’র ওই যৌথ অভিযানে সামরিক পোষাকধারী একজন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে আটক করা হয়। দখলকৃত আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান টিএন্ডটি বিস্ফোরক এবং ৩ শ’ ৯০ রাউন্ড তাজা গুলি।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় ওই অভিযান। প্রায় ১১ ঘন্টা অভিযান শেষে বুধবার ভোররাতে যৌথবাহিনী নাইক্ষংছড়ি সদর থেকে ৩০ কিলোমিটার দূরে টেংরা মুরং পাড়ার কাছাকাছি পৌঁছালে পোষা কুকুরের সংকেত পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়।
নিরাপত্তা সূত্রের ভাষ্যমতে, সামরিক পোষাক পরিহিত ওই বিচ্ছিন্নতাবাদী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাম আবুল কালাম(২৭) বলে জানায়। বাংলায় কথা বলতে পারদর্শী হলেও যুবকটি ওপারে মায়ানমারের নাগরিক বলে সূত্র জানায়।
উদ্ধারকৃত গোলা বারুদের মধ্যে ১৯৯ রাউন্ড একে ৪৭ রাইফেলের গুলি ও ৯১ রাউন্ড পিস্তলের গুলি রয়েছে।
