অর্থমন্ত্রী বিমানের জন্য চারটি উড়োজাহাজ কেনার বিষয়ে রাজি
বিমানের জন্যে চারটি উড়োজাহাজ কেনার ব্যাপারে অর্থ মন্ত্রী এম. সাইফুর রহমানের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেছে। পাশাপাশি তিনি বলেছেন, সবকিছু নির্ভর করছে বিমানের ব্যবস্থাপনার মান উন্নয়নের ওপর।
অর্থমন্ত্রী জানান, দুটি বড় আর দুটি ছোটো আকৃতিরসহ মোট চারটি উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বিমান কর্তৃপক্ষকে সম্মতি দিয়েছেন। তবে এ পরিকল্পনা মন্ত্রী সভার বৈঠকে অনুমোদন করিয়ে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বুধবার সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশ ব্যাংকের কোষাগার থেকে সহায়তা দিয়ে আমরা আর কতদিন জাতীয় পতাকাবাহী বিমান উড্ডয়ন অব্যাহত রাখব?
বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে বিমান সচিব ইকবাল উদ্দিন আহমদ চৌধুরী এবং বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ঠিক রাখার বিষয়ে আলোচনা করতেই বিমান কর্মকর্তারা তাঁর কাছে এসেছিলেন। বিমান কর্মকর্তারা তাঁকে জানান, পুরনো উড়োজাহাজ দিয়ে সংস্থার কার্যক্রম এখন ঠিক রাখা দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
অর্থমন্ত্রী বিমানের সার্বিক দিক আলোচনা করে সংস্থাটির কাঠামোকে উন্নত, যাত্রী সেবার মান বৃদ্ধি ও এর নিরাপত্তা নিশ্চিত করে যাত্রীদের আস্থা অর্জনের মাধ্যমে বিমানকে অন্যান্য দেশের পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।
অর্থমন্ত্রী বলেন, কোত্থেকে কিভাবে টাকার যোগান হবে, এসব না ভেবেই বিমান নতুন আরও ১০ টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৭৭ এবং ছয়টি এয়ারবাস।
তিনি বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ব্যাংকিং খাত থেকে নেওয়া ঋণের এক টাকাও পরিশোধ না করায় সরকারকে এ বাবদ ৩৫০ কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। যদিও বিমানের দাবি যে গত দুই বছরে তাদের উন্নতি ঘটেছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের কাছ থেকে সহায়তা পাওয়ার পূর্বশর্ত হিসেবে বিমানকে অবশ্যই তাদের ব্যবস্থাপনা ও দক্ষতার উন্নয়ন ঘটানোর পাশাপাশি খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে হবে।
বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, একটি বোয়িং ৭৭৭ এর বর্তমান বাজার মূল্য প্রায় ১২৯ মিলিয়ন ডলার বা ৮৪০ কোটি টাকা। সেই সঙ্গে প্রতিটি এয়ারবাসের দাম ৯০ মিলিয়ন বা ৫৮৫ কোটি টাকা।
তিনি বলেন, গত দু’বছরে বিমান নানা রকম উন্নতি করেছে। এ সময় সংস্থাটির আয় বেড়েছে শতকরা আট ভাগ আর যাত্রী বেড়েছে শতকরা ১৭ ভাগ।
