২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর বেহাল দশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর এখন বেহাল দশা। ভাঙ্গা-চোরা এসব রাস্তার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বছরের পর ধরে এ অবস্থা চললেও রাস্তাগুলো সংস্কারে কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ঢাকা বিশ্ববিদ্যালযের প্রায় সবগুলো রাস্তার অবস্থা খুবই করুণ। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো ছাড়াও মল চত্বর, কার্জন হল, কলা ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিভিন্ন আবাসিক হলের সামনের রাস্তাগুলোর বেশিরভাগ জায়গায় বড় বড় খাদ রয়েছে। কলাভবনের সামনে এবং পেছনে রাস্তাসহ সূর্যসেন হল, জিয়া হল, মুজিব হল, মহসিন হল এবং শহীদুল্লাহ হলের সামনের রাস্তাগুলোর বেশিরভাগই ভাঙ্গা। রিকশা নিয়ে এসব রাস্তায় চলাচল করাটা দুর্বিসহ। বর্ষা বা অতিবৃষ্টিতে প্রায়ই রাস্তাগুলো ডুবে যায়। বৃষ্টিতে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন পানি জমে থাকে।

২০০৫-০৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এবং রাস্তা সংস্কারে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হলেও রাস্তাগুলো সংস্কারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন কোনও উদ্যোগ না থাকায় ভারি যানবাহনগুলো অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে এবং রাস্তাগুলোর অবস্থা আরও করুণ হয়ে পড়ছে।

আবু তালহা সরকার নামে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের একজন ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার সময় রাস্তাগুলোর অবস্থা এতোটাই খারাপ হয়, চলাফেরা করাটাই তখন কঠিন হয়ে দাঁড়ায়। সেসময় রিকশাওয়ালারা পর্যন্ত ক্যাম্পাসে আসতে চায় না। তার অভিযোগ, তিন বছর ধরেই তিনি বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর এমন বেহাল দশা দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলি মো. আমির হোসেন বিডিনিউজকে জানান, কার্জন হলসহ বিভিন্ন রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, মল চত্বর, কলা ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির রাস্তাগুলো সংস্কারে একটি উদ্যোগ নেওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করতে না পারায় সংস্কার কাজ বিলম্বিত হয়েছে।

এ ব্যাপারে আবারও টেন্ডারের জন্যে ইতোমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং এমাসের শেষ দিকে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।