তিনদিনের বিরতি শেষে সংসদ অধিবেশন সোমবার থেকে আবারও শুরু হয়েছে
বাজেট পাসের পর তিনদিনের বিরতি শেষে জাতীয় সংসদের অধিবেশন সোমবার থেকে আবার শুরু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, মনোযোগ আকর্ষণী নোটিশ ও আইন প্রণয়ন কার্যাবলী সম্পাদন করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ‘দি কোর্ট অব ওয়ার্ডস (সংশোধন) এ্যাক্ট, ২০০৫’ সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে পয়েন্ট অব অর্ডারে ঢাকার জলাবদ্ধতার বিষয়টি উত্থাপন করেন বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।
সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
