২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট প্রত্যাহার

সੰ੬াস ও সা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট আহুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট সোমবার  প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র জোটের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা এ ধর্মঘট প্রত্যাহার করে।

অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের প্রথমদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে  সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোটের এক সফল বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।  বৈঠকে সিদ্ধান্ত হয়, কর্তৃপক্ষ পাঁচ দফার মধ্যে তিন দফা অচিরেই বাস্তবায়ন করবে। এ তিন দফার মধ্যে আছে ক্যাম্পাসে ছাত্রলীগ ও অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনায় নিহত শাম্মী আক্তার হ্যাপীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ক্যাম্পাসে হ্যাপী স্মরণে সবমৃতিসৌধ নির্মাণ।

সাধারণ ছাত্রদের ওপর হামলার জন্যে দায়ী ছাত্রদল কর্মী এবং রমনা থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোটকে আশ্বাস দেয়।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একে ফিরোজ সোমবার দুপুরে বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেন এবং তাদের হলে উঠিয়ে দেন।

ধর্মঘট প্রত্যাহার বিষয়ে ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বলেন, কর্তৃপক্ষ যদি তাদের প্রতিশ্রতি ভঙ্গ করেন, তাহলে আমরা আগের কর্মসূচিতে ফিরে যেতে বাধ্য হবো।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বিডিনিউজকে বলেন, কর্তৃপক্ষ সব ছাত্র সংগঠনের মঙ্গল চায়। ক্যাম্পাসকে শিক্ষার একটি উন্নত জায়গা হিসেবে গড়ে তুলতে তারা কাজ করছেন।