২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা দূর করতে দখল হওয়া খাল-বিল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, জলাবদ্ধতা দূর করতে সরকার দখল হয়ে যাওয়া খাল-বিল উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কারণ, ঢাকা শহরে পানি ধারণ বা অপসারণের জন্যে কোনও খাল-বিল না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

জাতীয় সংসদে সোমবার বিএনপির সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এক সম্পুরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে পিন্টু রোববার ঢাকায় ১২ ঘন্টার বৃষ্টিপাতের কথা উল্লেখ করে বলেন, একদিনের বৃষ্টিতে ঢাকায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে এক সপ্তাহ বৃষ্টি হলে কী অবস্থা হবে? তখন কি ঢাকায় কোনও মানুষ থাকতে পারবে?

পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ঢাকার আরেক সাংসদ সালাউদ্দিন আহমদ ডেমরার ডিএনডির বাঁধে জলাবদ্ধতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার পরও ডিএনডি বাঁধে ২০ লাখ মানুষকে রক্ষা করতে জলাবদ্ধতা নিরসনে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিপুল পরিমাণ মানুষ মানবেতর জীবনযাপন করছে।

জবাবে আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ঢাকা শহরে ধারণ ক্ষমতার চেয়ে দশগুন বেশি মানুষ বসবাস করে। কিছু কিছু মানুষ শহরের গুরুত্বপূর্ণ খাল-বিল ভরাট করে ফেলায় পানি বেরিয়ে যেতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।