২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসাম গণ পরিষদের নেতা মহান্ত বহিষ্কার

আসাম গণ পরিষদ (এজিপি)’র প্রভাবশালী নেতা এবং প্রাক্তন সভাপতি প্রফুল্ল কুমার মহান্তকে পার্টির শৃংখলা বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত থাকার কারণে রোববার তাকে পার্টি থেকে ছয় বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কিন্তু একই অভিযোগে অভিযুক্ত প্রফুল্লে’র অনুগত চারজন বিধায়ককে পার্টির নির্বাহী কমিটি বহিস্কার করেনি। আসামের তানসুকিয়া শহরে পার্টির স্টান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণের পর তা পার্টির নির্বাহী কমিটি অনুমোদন করেন।

সভা শুরুর আগে পার্টির একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, পার্টি কখনও শৃংখলা বিরোধী কর্মকান্ডকে প্রশ্রয় দিবে না। এই মুহুর্তে আমাদের এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যা খুবই অপ্রত্যাশিত এবং অপ্রিতিকর।

আসাম প্রদেশের দ’ুবারের মূখ্য মন্ত্রী এবং এজিপি’র এক সময়ের প্রভাবশালী নেতা মহান্ত তার দ্বিতীয় বিবাহের জন্য দেশজুড়ে অপবাদের মুখে পড়েন। এর ফলাফল গিয়ে পড়ে ২০০১ সালের বিধান সভা’র নির্বাচনে। সেই নির্বাচনে পরাজিত হয়ে মহান্ত রাজনীতির দৌঁড়েও পিছিয়ে পড়েন।

এরইমধ্যে সাবেক মূখ্যমন্ত্রী মহান্ত পার্টি বিরোধী বিভিন্ন কর্মকান্ডেও জড়িয়ে পড়েন। পার্টির নেতৃত্বকে পাশ কাটিয়ে তার অনুগত সম্মিলিত যুব সমাজ (এসওয়াইএসএ)কে ‘তৃতীয় শক্তি’ হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে তাদের কনভেনশনে যোগ দেন তিনি।

২৭ জুন অনুষ্ঠিত এসওয়াইএসএ এর কনভেনশনে মহান্ত ছাড়াও পাটির চার জন বিধায়ক এবং আরও কয়েক জন কর্মকর্তা যোগদান করেন। এই চার বিধায়ক হলেন শহিদুল আলম চৌধুরী, বাবুল দাস, উৎপল দত্ত এবং গুনিন হাজারিকা।

এদিকে মহান্ত’র বহিস্কারাদেশের পর এসওয়াইএসএ এর সাধারণ সম্পাদক এবং মহান্ত’র অনুসারী পাঞ্জাব গোস্বামী বলেন, “এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং জনগণ বিরোধী”।

এই সময় আসাম গণ পরিষদ এর বহিস্কৃত নেতা এবং প্রাক্তন মূখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহান্তের মতামত জানা সম্ভব হয়নি।