২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিপূর্ণ অবস্থায় খুলনা বিভাগের ১০ জেলার ১৫০০ কিলোমিটার বেড়ি বাঁধ

বর্ষা মৌসুমের শুরুতেই খুলনা বিভাগের ১০ জেলায় বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার কিলোমিটার বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায়  রয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 12:54 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

বেড়ি বাঁধগুলোর মধ্যে আটশ’ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। দক্ষিণ বঙ্গোপসাগর ফুঁসে উঠলে, নদ-নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি ভারি বৃষ্টি হলে অধিক ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধগুলোতে বড় ধরনের ভাঙ্গনের আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে চারশ’ ৩১ মিটার দৈর্ঘ্যরে খুলনা শহর রক্ষা বাঁধের অধিকাংশ জায়গায় বড় বড় ফাটল ধরায় বাঁধ সংলগ্ন প্রায় চারশ’ ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মধ্যে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বশীল একটি সূত্র জানায়, খুলনা জেলার দাকোপ, বটিয়াঘাটা ও দিঘলিয়া বেড়ি বাঁধ ইতোমধ্যে পানিতে চাপ সৃষ্টি করছে। বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট ও রামপাল, খুলনার তেরখাদা, নড়াইলের কালিয়া, নোয়াগ্রাম ও চাঁদেরচর বেড়ি বাঁধ, সাতক্ষীরার কালিগঞ্জ, শ্যামনগর এবং মাগুরার মোহাম্মদপুরের বেড়ি বাঁধ অত্যাধিক দুর্বল হয়ে পড়েছে। কিছু কিছু এলাকার বাঁধে ফাটল ধরেছে বলে পাউবোর নিকট খবর আসছে। জোয়ারের পানির চাপে এ অবস্থা সৃষ্টি হচ্ছে।

পাউবোর কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানির প্রবল চাপ বাড়লে ওইসব ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে।

সূত্র জানায়, প্রয়োজনীয় অর্থাভাবে ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ মেরামত বা সংস্কার করা যাচ্ছে না।

তবে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার করা গেলেও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সহায়তা ও সমন্বয়হীনতার কারণে এ কাজ বন্ধ রয়েছে বলে পাউবোর অভিযোগ।

তবে পাউবো’র উদাসীনতায় বাঁধ সংষ্কার করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ ও জন প্রতিনিধিরা অভিযোগ করেছেন।