২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা মামলায় গাজীপুর জেলা প্রশাসকসহ ৪ জনের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ

গাজীপুরের জেলা প্রশাসক এম ফজলে রাব্বি ও অপর তিন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়েরের প্রেক্ষিতে শনিবার ১ম সিনিয়র সহকারি জজ আদালত তাঁদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

কারণ দর্শাও নোটিশের অপর তিন বিবাদি হলেন-গাজীপুরের এডিসি (রাজস্ব) মোঃ আতাউর রহমান, সদর এসি (ল্যাণ্ড) খয়বর রহমান ও কাশিমপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আখতার হোসেন।

জেলা সদরের কাশিমপুর এলাকার জনৈক নায়েব আলী মুন্সি বৃহস্পতিবার ১ম সিনিয়র সহকারি জজ আদালতে আদারত অবমাননা মামলাটি (০১/২০০৫) দায়ের করেন।

সূত্র জানায়, কাশিমপুর ইউনিয়নের গোবিন্দবাড়ি মৌজার সিএস ৫৮০ এসএ, ২৪৮০ দাগের ৩৬৭ শতাংশ ভূমির মালিকানা নিয়ে নায়েব আলী মুন্সির সঙ্গে রাষ্ট্রপক্ষের বিরোধ চলছে। এ অবস্থায় গত ৯ জুন জেলা প্রশাসকের আদেশে উল্লেখিত জমির ওপর তৈরি নায়েব আলীর একটি টিনশেড ঘর ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়। একই দিনে নায়েব আলী ও তার ছেলে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ভূমি ও ইমারত (দখল-পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৭ ধারায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়।

পরে ১৩ জুন বাদী নায়েব অলীর অপর পুত্র জাকির হোসেন আদালতে হলফনামা দিয়ে জেলা প্রশাসকসহ উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে ১৯ জুন বিচারক সাইফুজ্জামান হিরো ভেঙ্গে ফেলা স্থাপনা ৩০ জুনের মধ্যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বিবাদীদের প্রতি নির্দেশ দেন। কিন্তু জেলা প্রশাসকসহ বিবাদীরা এই নির্দেশ অগ্রাহ্য করায় ৩০ জুন নায়েব আলী মুন্সি আদালত অবমাননার মামলা দায়ের করে।

বাদী নায়েব আলীর পক্ষে এডভোকেট আসাদুল্লা বাদল মামলা পরিচালনা করেন।