২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর মার্কিন সিনেটরের উপদেষ্টার আস্থা প্রকাশ

বাংলাদেশের বিচার পদ্ধতির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস এর সিনেটর টেড কেনেডির সিনিয়র পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা শ্যারন ওয়াক্সম্যান আস্থা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 07:19 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরীর সাথে আলাপকালে শনিবার তিনি বলেন, বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড বি¯তৃত হওয়ার সুযোগ নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত কিবরিয়া হত্যাকান্ডসহ বিভিন্ন রাজনৈতিক সহিংসতার রহস্য উদঘাটনে গৃহীত সরকারী পদক্ষেপসমূহ সম্পর্কে শ্যারন ওয়াক্সম্যানকে অবহিত করেন।

সম্প্রতি কিবরিয়া হত্যাকান্ডের ব্যাপারে প্রভাবশালী সিনেটর টেড কেনেডি অন্য আরও তিনজন সিনেটর ও আটজন কংগ্রেসম্যানের সাথে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের কাছে যৌথ পত্র পাঠান।

রাষ্ট্রদূত শ্যারন ওয়াক্সম্যানকে আশ্বস্ত করে বলেন, এফবিআই-এর সহায়তায় কিবরিয়া হত্যাকান্ড বিষয়ে স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোন কিছু বলা যথাযথ হবে না।

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্তে অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রদূত তাঁকে অবহিত করেন। তিনি বলেন, এফবিআই এবং ইন্টারপোলের সহায়তায় এ ঘটনার তদন্তে নাটকীয় সব নতুন তথ্য বেরিয়ে এসেছে। এইসব তথ্য খুবই সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা হচ্ছে।

সিলেটে বৃটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে বৃটিশ কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশে পাঠানোতে দেরি করার কারণে তদন্তকাজ ব্যাহত হচ্ছে।

এ মামলার প্রধান সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে তদন্ত কাজ গতিশীল হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।