চট্টগ্রামে বিমান দুর্ঘটনা: ফ্লাইট শিডিউল ঠিক রাখতে নতুন উড়োজাহাজের সন্ধান
চট্টগ্রামে দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ডিসি ১০ উড়োজাহাজটি বাতিল লোহালক্কড়ে (স্ক্র্যাপ) পরিণত হতে পারে। সিভিল এভিয়েশন সূত্র জানায়, শুক্রবারের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত সিভিল এভিয়েশনের তদন্ত দল এবং বিমানের প্রকৌশলীরা আজকালের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।
এদিকে বিমান সূত্র জানায়, গত নয় মাসে বিমানের একটি এফ ২৮ ও সর্বশেষ শুক্রবার সকালে ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর প্রতিষ্ঠানের উড়োজাহাজ বহরে এখন দেখা দিয়েছে তীব্র সংকট। জরুরি ভিত্তিতে নতুন উড়োজাহাজ লিজ নেওয়া না হলে বিমানের ফ্লাইট শিডিউল রক্ষা করাই কঠিন হয়ে পড়বে।
জানা যায়, ফ্লাইট শিডিউল রক্ষায় বিমান কর্তৃপক্ষ এরই মধ্যে জরুরি ভিত্তিতে দু/তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
সিভিল এভিয়েশনের পাঁচ সদস্যের তদন্ত দল প্রধান, পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিব উল্লাহ বিডিনিউজকে বলেন, আমরা শনিবারও দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি পরিদর্শন করেছি। আমার নিশ্চিত হয়েছি, ডিসি ১০-এর একটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। দুর্ঘটনায় এর একটি ডানা ভেঙেচুরে যাওয়া ছাড়াও পুরো উড়োজাহজটিরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুরো ডিসি ১০টিকেই স্ক্র্যাপ হিসেবে ঘোষণা করা হবে কি না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা এখনও এটি পরীক্ষা-নিরীক্ষা করছি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী ওই দুর্ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি বিডিনিউজকে বলেন, তদন্তাধীন বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না।
উড়োজাহাজ সংকটের কারণে বিমানের ফ্লাইট শিডিউল ব্যাপক মাত্রায় বিঘিœত হবে কি না, এ প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির বলেন, আমরা তেমনভাবে ফ্লাইট শিডিউল রক্ষার সমস্যায় পড়বো না। তবে কিছু কিছু ফ্লাইট পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়বে। তিন মাসের মধ্যে দু/তিনটি নতুন উড়োজাহাজ লিজ নেওয়া হলে বিমানের ফ্লাইট শিডিউল আগের মতো আবার রক্ষা করা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, দুর্ঘটনা কবলিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববারের মধ্যে পুনরায় সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট ওঠানামার জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, দুর্ঘটনা কবলিত ডিসি ১০টিকে স্ক্র্যাপ হিসেবে ঘোষণা দিলে এর বীমা বাবদ লিজিং প্রতিষ্ঠান প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার পাবে। উড়োজাজটির দাম হিসেবে ১০ মিলিয়ন ডলার তারা কেটে রেখে দিলে বীমার টাকা থেকে বিমান পাবে পাঁচ মিলিয়ন ডলার।
ডিসি ১০ উড়োজাহজটি ব্রিটিশ লয়েড ডেভিড ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বীমা করা। ওই বীমা সংস্থার প্রতিনিধি দেশে এসে পৌঁছুলে তাদের সবুজ সংকেত পাওয়ার পর উড়োজাহাজটিকে স্ক্র্যাপ ঘোষণা করা হবে। এরপর এটিকে কেটে টুকরো করে উদ্ধার কাজ করা হবে। নয়তো বিশলাকৃতির ক্রেন দিয়ে এটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে হ্যাংগারে। ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধির শনিবার রাতে দেশে আসার কথা।
বিমান ২০০২ সালে ফরাসী প্যাগাসাস কোম্পানির কাছ থেকে দুটি ডিসি ১০ উড়োজাহাজ (একটি দুর্ঘটনা কবলিত) লিজ নেয়। তিন বছরের জন্যে নেওয়া লিজের মেয়াদ আছে আর মাত্র ছয় মাস। লিজ মানি বাবদ বিমানকে বছরে ৬০ কোটি টাকা পরিশোধ করতে হয়। ডিসি ১০ উড়োজাহাজের প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমেরিকার ম্যাকডোনালস ডগলাস কর্পোরেশন ৩০ বছরের পুরোনো ডিসি ১০ দুটি ১২ মিলিয়ন ডলার করে বিক্রি করেছিলো।
বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি দেশে এবং দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে। বিমানের বিমান বহরে এখন পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ সক্রিয় রয়েছে।
