চট্টগ্রামে অগ্রনী ব্যাংকের নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করে অস্ত্র ও টাকা ছিনতাই
নগরীর কোতয়ালী থানার পুরাতন রেল স্টেশন এলাকায় শনিবার দুপুরে অগ্রনী ব্যাংকের নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা একটি এসএমজি ও চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
অগ্রণী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকের লালদিঘী কর্পোরেট শাখার কর্মকর্তা শফিক আহমদ টাকা কলেকশনের জন্য নিরাপত্তা রক্ষী জামাল উদ্দিন ও পিয়ন জোবায়েরকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে যান। রেল স্টেশন থেকে বেরিয়ে আসার সাথে সাথে ১০/১২ জন ছিনতাইকারী অগ্রণী ব্যাংকের গাড়িটি ঘিরে ধরে। নিরাপত্তা রক্ষী জামাল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা জামাল উদ্দিনকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে এসএমজি ও টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
ছুরিকাহত জামাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
