নগরীতে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নিহত
রাজধানীর জিগাতলা এলাকায় শনিবার অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চার/পাঁচজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ৬৮/খ, জিগাতলার চারতলা বাড়ির নিচতলায় ব্যবসায়ী কামরুল আলমের (৪৮) অফিসে বেলা পৌনে তিনটায় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যবসায়ী ফেনীর ফুলগাজী থানার সাইফুল আলমের ছেলে। তিনি পশ্চিম ধানমণ্ডির ১৮ নম্বর রোডের ২৬৪/৯ বাসায় থাকতেন। তিনি গ্লোব লিঙ্ক কন্টেইনার লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নগর আওয়ামী লীগের নেতা ছিলেন।
সন্ত্রাসীরা কামরুলকে হত্যার পরপরই এলাকা ত্যাগ করে।
হাসপাতাল সূত্র জানায়, কামরুলের হাত, পা ও মাথাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে গুলি লাগে।
এ ব্যাপারে ধানমণ্ডি থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত কিছু জানাতে পারেনি।
পুলিশ এখনও হত্যাকাণ্ডের কোনও মোটিভ উদ্ধার এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
