২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা মামলায় নালিতাবাড়ি আওয়ামী লীগ সভাপতিসহ ১৫ নেতাকর্মী জেলহাজতে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পুলিশ কনস্টেবল আশরাফ সিদ্দিকী হত্যা মামলার আসামী নালিতা বাড়ি থানা আওয়ামী লীগ সভাপতিসহ ১৫ নেতাকর্মীকে শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

হাইকোর্টের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ ফেব্র“য়ারি বিরোধীদলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে নালিতাবাড়ি বাজারে পুলিশের সাথে হরতাল সমর্থনকদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আশরাফ সিদ্দিকীসহ চার পুলিশ এবং ১০ আওয়ামী লীগ নেতা আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় পুলিশ কনস্টেবল আশরাফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শেষে থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৭ নেতাকর্মীকে অভিযুক্ত চার্জশীট প্রদান করে।

গত ২০ জুন ওই ১৫ জন নেতাকর্মী হাইকোর্টে জামিন প্রার্থনা করলে আদালত তাদেরকে দু’সপ্তাহের জামিন মঞ্জুর করে শেরপুরের জেলা ও দায়রা জজ কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।

শনিবার তারা জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জল হাজতে পাঠানোর নির্দেশ দেন।