২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমানের দুবাই ফ্লাইট দুর্ঘটনা: যাত্রীরা নিরাপদে, ৩য় লিড

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ডিসি - ১০ বিমান ২০০ যাত্রী ও ১৪ জন ক্রু নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণকালে দুর্ঘটনায় পড়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সকাল ৮ টা ৪৭ মিনিটে অবতরণের পূর্ব মুহুর্তে দুবাই - চট্টগ্রাম - ঢাকা রুটের বিজি ০৪৮ ফ্লাইটটির ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমান বন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলটকে ল্যান্ড না করতে বলা হয়েছিলো। কিন্তু ইঞ্জিনে আগুন ধরে যাওয়াতে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন। নিয়ম অনুযায়ী, রানওয়ের মাঝখানে অবতরণ করার কথা থাকলেও বিমানটি রানওয়ের ডানপাশে অবতরণ করে।

বিমানবন্দর কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের সঙ্গে সঙ্গে ডান পাশের চাকাটি খুলে পড়ে যায়। রানওয়ের দক্ষিণ দিকে এক কিলোমিটার চলার পর বিমানটি পতেঙ্গা নান্দির পাড়ার কাছে রানওয়ে থেকে ছিটকে বেড়িয়ে যায়। রানওয়ের বাইরে সমান্তরাল আরও আধ কিলোমিটার চলার পর বিমানটির গতি বন্ধ হয়ে যায়। বর্তমানে বিমানটি রানওয়ে থেকে ১০০ গজের মধ্যে নাজিরপাড়ায় ডানদিকে হেলে পড়ে আছে। উড়োজাহাজটি অবতরণের সময় চাকা খুলে যাওয়া ছাড়াও এর একটি ডানায় আগুন ধরে যায়।

দমকল বাহিনী বিমানটির গতি রুদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভানো এবং যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে। শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক এএসএম ফরহাদ জানিয়েছেন, আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ঘন্টা খানেকের মধ্যে বিমানটির জ্বালানি পাইপ এবং ব্যাটারির লাইন বিচ্ছিন্ন করে বিমানটিকে বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করা হয়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, দুর্ঘটনার পর পরই দ্রুত উড়োজাহাজটির ডানার আগুন নিয়ন্ত্রণে এনে জরুরি অবতরনের দরজা দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। অল্প কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তাদের বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতরা  হলেন আব্দুল হামিদ, শাহজাহান, ওসমান এবং সেলিমুল্লাহ এবং ছয় মাস বয়সী এক শিশু।

যাত্রীদের মধ্যে ১৬৭ জন চট্টগ্রামে এবং ৩৩ জন ঢাকায় অবতরণের কথা ছিলো। চট্টগ্রামের যাত্রীদের মধ্যে দুই জন এবং ঢাকার যাত্রীদের মধ্যে চার জন ছিল কলকাতা কানেকটিং ফ্লাইটের যাত্রী। ঢাকাগামী যাত্রীদের সড়ক পথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ((ক্যাব) দু’ দিনের জন্য শাহ আমানত বিমান বন্দরে উড়োজাহাজ উঠা নামা বন্ধ করে দিয়েছে। তবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন আশা প্রকাশ করেছেন, শনিবার বিকেল ৪ টার মধ্যে বিমান বন্দর আবার চালু হবে।

ক্যাব দুর্ঘটনা তদন্তে এর পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিব উল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত দল এরই মধ্যে চট্টগ্রাম পৌঁছে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি পরিদর্শন করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন দ্রুত হেলিকপ্টারে করে চট্টগ্রাম আসেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, দুই দিনের মধ্যে উদ্ধার তৎপরতা সম্পন্ন হবে।

তিনি জানান, সিভিল এ্যাভিয়েশন ও বাংলাদেশ বিমানের কাছে উদ্ধারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে। তারপরও সেনাবাহিনী, রেলওয়ে, চট্টগ্রাম বন্দরের সহায়তা চাওয়া হয়েছে। সেনাবাহিনীর উদ্ধার দল ইতোমধ্যেই উদ্ধার তৎপরতা  শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার দুই ঘন্টার মধ্যে সেনাবাহিনীর ১৬ ও ১৯ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের দুইটি টিম বিমানটির পাশে অবস্থান নেয়। দুপুরে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পরীক্ষার পর সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করে।