২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকে দাবি মেটাতে পেরে প্রাণভয়ে ঢাকায় আশ্রয় নিয়েছে যশোরের এক পরিবাব

যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় বর্বরোচিত নির্যাতনের পর লোভী স্বামীর প্রোরোচনায় নিষিদ্ধ সর্বহারা পার্টির সশস্ত্র ক্যাডারদের হুমকিতে যশোর ছেড়ে ঢাকায় পালিয়ে এসেছে এক পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 05:12 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জেলার কোতোয়ালি থানার মুড়লীমোড় গ্রামের ইকরামুল হক জোয়ার্দ্দার নামের এক মাইক্রোবাস চালক স্ত্রী, নির্যাতিতা কিশোরী কন্যা এবং কিশোর ছেলেকে নিয়ে ঢাকার এক আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন ।

শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেন (ক্র্যাব) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি তার একমাত্র কন্যা মনিরার খাতুনের উপর যৌতুকলোভী স্বামী কামরুল মোড়ল ও তার পরিবারের নির্যাতনের কাহিনী তুলে ধরেন।

ইকরামুল বলেন, শুধু কামরুলই না, তার ভাই আনারুল এবং মফিজুর, ননদ মনজুরা খাতুন, শ্বাশুড়ী জাহিরোন নেছা এবং শ্বশুর ওয়াজেদ আলীও যৌতুকের জন্য বিভিন্ন সময় তার একমাত্র কন্যা মনিরাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।

ইকরামুল বলেন, মনিরা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে এবং লাথি মেরে গর্ভের ৫ মাসের বাচ্চাকে  হত্যা করেই ক্ষান্ত হয়নি কামরুল। নির্যাতনের প্রতিবাদ করায় এবং যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করায় স্থানীয় সর্বহারা পার্টির নেতা ভোলা, তরুণ, ডাবু, বাদশা এবং কালা মিন্টুর নেতৃত্বে তার বাসায় হামলা চালায় এবং তালা ঝুলিয়ে দেয়।

‘হয় মামলা প্রত্যাহার কর, নইলে পরিবারের সবাইকে হত্যা করা হবে’ - সন্ত্রাসীদের এমন হুমকির মুখে অবশেষে গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে ইকরামুলের পরিবার।

তিনি বলেন, তার কন্যা মনিরার সাথে ঝিকরগাছা থানার মুরাপাড়া গ্রামের ওয়াজেদ আলীর চেলে কামরুল মোড়লের বিয়ে হয় প্রায় দেড় বছর আগে। বিয়ের সময় বর পক্ষের দাবি অনুযায়ী নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, রঙ্গিন টেলিভিশন, সাইকেলসহ অন্যান্য মুল্যবান জিনিপত্র যৌতুক হিসেবে দেন।

বিয়ের ১৫ দিনের মধ্যে যৌতুকলোভী কামরুল মোড়ল আবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে।

ইকরামুল বলেন, তার এ দাবি মেটানো সম্ভব হয়নি। অনেক কষ্টে ৩০ হাজার টাকা জোগাড় করে দিলে কামরুল আমার মেয়েকে প্রচন্ড মারধর করে। লোভী স্বামী এবং তার পরিবারের সদস্যরা এপ্রিল মাসের ৫ তারিখে আমার কন্যার হাত, পিঠ ও গোপনাঙ্গে ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করে। দুইদিন পর আমার মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেয়।

গত মাসের ১৯ তারিখে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে মামলার আসামি কামরুল ইসলাম মোড়ল ও তার ভাই আনোয়ার হোসেন গ্রেফতার হয়। বেশ কিছুদিন তারা কারাগারে আটক থাকার পর জামিনে বের হয়ে আসে। এসেই তারা ইকরামুলের পরিবারের ওপর  অত্যাচার, নির্যাতন শুরু করে। মামলা তুলে নিতে ১ সপ্তাহ সময় বেঁধে দেয়। ওই সময়ের মধ্যে মামলা তুলে না নিলে স্বপরিবারে হত্যার হুমকি দেয়।

ইকরামুল হক অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বিল্লাল হোসেন তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। আরও ৩০ হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করছেন। অথচ আসামি ধরার ব্যাপারে কোন উদ্যোগ নিচ্ছেন না।

এ ব্যাপারে এসআই বিল্লালের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই আসামিদের যেকোন মূল্যে গ্রেপ্তার করা হবে। 

ইকরামুল আরও বলেন, স্থানীয় প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা চেয়েও ব্যর্থ হয়েছি। এখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এই ঘটনার বিচার চাই।