দিনাজপুর বন বিভাগে নিলাম কেলেঙ্কারিরর অভিযোগ
দিনাজপুর বন বিভাগে নিলাম কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। নিলামের নির্ধারিত লট হাতে রেখে পরবর্তীতে গোপণে বিক্রি করে দেওয়া হচ্ছে। এ কারণে সরকার ইতোমধ্যে তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
আর এসব হচ্ছে বিভাগীয় বন কর্মকর্তার মৌখিক নির্দেশেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি দিনাজপুর জেলার মধ্যপাড়া ও চরকাই রেঞ্জের সামাজিক বনায়নের উডলট ও কৃষি বাগানের প্রায় চারশ’টি লটের গাছ বিক্রির নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়। এর মধ্যে একশ’ ৫১টি লটের সিডিউল বিক্রি না করার জন্য ডিএফও প্রতিটি রেঞ্জ কর্মকর্তাকে মৌখিকভাবে নির্দেশ দেন। এই একশ’ ৫১টি লট হাতে রেখে পছন্দের লোকদের কাছে বিক্রির জন্য সরকারি মূল্য অনেক কম দেখানো হয়। পরবর্তীতে এসব লটের প্রতিটি গাছ ২০-৩০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এভাবে গত তিনটি নিলামে সরকার প্রায় তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি কোনও কথা না বলে ফোন বন্ধ করে দেন।
অফিসের ফোনে যোগাযোগ করলে অফিস সহকারি আবু তালেব জানান, বিভাগীয় বন কর্মকতা বাইরে গেছেন।
