২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদ ৪ জুলাই পর্যন্ত মুলতবী

সরকার দলীয় চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার স্পিকার জমির উদ্দিন সরকার আগামী রোববারের পরিবর্তে সোমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন মূলতবী ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বাণিজ্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুলাই পর্যন্ত সংসদ মুলতবী রাখার কথা ছিল।

স্পিকার তিন জুলাই পর্যন্ত সংসদ মুলতবী রাখার ঘোষণা দিলে হুইপ খন্দকার দেলোয়ার হোসেন তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদ মুলতবী করার নির্ধারিত তারিখ ৩ জুলাই থাকলেও আমি সদস্যদের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে ৪ জুলাই পর্যন্ত সংসদ মুলতবী রাখার আবেদন জানাচ্ছি।

সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মাথা নাড়িয়ে চিফ হুইপের আবেদনের প্রতি সম্মতি জানান।

স্পিকার মূলতবীর আগের ঘোষণা বাতিল করে চিফ হুইপের আবেদন গ্রহণ করেন।

এদিকে সংসদে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, এভাবে সংসদ ক্ষমতাসীন দলের ইচ্ছানুযায়ী চলছে। স্পিকার কখনই তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ চালাতে পারছেন না। সবসময়ই তাকে নির্দেশ দেওয়া হচ্ছে।