২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সংসদ নির্বাচন স্বচ্ছ, স্বাধীন এবং নিরপেক্ষ করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে

বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচনকে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ করতে সবধরণের সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এ ব্যাপারে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ করতে প্রেসিডেন্ট বুশ এবং ড. রাইস সব ধরনের সহযোগিতা প্রদান করবেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৃহস্পতিবার পৃথকভাবে বিদায়ী সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।

রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য আমি বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। গণতন্ত্রের জন্য যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের অংশীদার হিসেবে থাকবে বলে আমি নিশ্চিয়তা দিচ্ছি।

বৈঠক সূত্র জানায়, আলোচনায় প্রধানমন্ত্রীও একই মনোভাব ব্যক্ত করে বলেন, গণতন্ত্রের প্রতি অভিন্ন অঙ্গীকার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে চালিকাশক্তি। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

বাংলাদেশে দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত টমাস। তার দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল, প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশ সফর করেছেন, এবং তারা সবাই বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে ফিরে গেছেন বলে জানান রাষ্ট্রদূত টমাস।

আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ অবস্থান বজায় রেখে নিজেদের জনগণের ভাগ্যোন্নয়নে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এছাড়া মানব পাচার রোধ, জনসংখ্যা বৃদ্ধি হার হ্রাস, জিডিপি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে ঢাকার সফলতার কথাও বলেন হ্যারি কে টমাস।

সাক্ষাতকারে হ্যারি কে টমাস প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস, কয়েকজন কংগ্রেস সদস্য ও সিনেটর খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বাংলায় বলেন, আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ভালোবাসি।

বঙ্গভবনে প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ কালে তিনি বাংলাদেশে অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সমঝোতা ও সহযোগিতা দৃঢ় করার জন্য হ্যারি কে টমাসের অবদানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, টমাস বাংলাদেশ সম্পর্কে সুখস্মৃতি নিয়ে যাবেন এবং পরবর্তী এ্যাসাইনমেন্টেও বাংলাদেশের বন্ধু থাকবেন।

দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে প্রেসিডেন্ট বাংলাদেশের সকল প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের মূল্যবান সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে তার উষ্ণ অভিনন্দন পাঠান।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশকে অনেক পছন্দ করি। বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে আমি আশাবাদি। বাংলাদেশের গ্রামাঞ্চল এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও ভাল।

রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতের এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি এবং নতুন আ্যাসাইনমেন্টে তার সফল্য কামনা করেন এবং রাষ্ট্রপতি হ্যারি কে টমাসকে তার উত্তরসূরির প্রতিও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।