কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত, ৮টি নৌকাডুবিতে নিখোঁজ ৩৪ জেলে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমগ্র কক্সবাজার জেলায় অব্যাহত ভারি বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
এছাড়া সামুদ্রিক ঝড়ের কারণে বুধবার টেকনাফ ও মহেষখালী উপজেলার ৮টি নৌকাডুবির ঘটনায় আরও ৩৪ জেলে নিখোঁজ রয়েছে। এনিয়ে গত দ’ুদিনে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ মাঝি মাল্লার সংখ্যা ৪৫ জনে দাঁড়ালো।
ভারী বর্ষণ ও সমুদ্রের উচ্চ জোয়ারের ফলে টেকনাফ, কুতুবদিয়া, মহেষখালী, কক্সবাজার সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শত বসতবাড়ি বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে টেকনাফ, মহেষখালী ও কুতুবদিয়া উপজেলার উপকূলীয় বেড়ীবাধেঁর কয়েক কিলোমিটার অংশ ভেঙ্গে যাওয়ায় হাজার হাজার বসতবাড়ি প্লাবিত হয়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি ফেডারেশনের সভাপতি কবির আহমদ কোম্পানী জানান, গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসার সময় বঙ্গোপসাগরের সোনাদিয়ার অদূরে বুককিলানীর চর নামক স্থানে মহেশখালী উপজেলার ৫টি মাছ ধরার নৌকা ডুবে গেলে ২০ জেলে নিখোঁজ হয়। উক্ত ৫টি নৌকায় এসময় ৭০ জন মাঝি মাল্লা ছিল। এছাড়াও সেন্টমার্টিনের অদূরে আরও ৪২ জন মাঝি মাল্লা নিয়ে তিনটি মাছ ধরার নৌকা ডুবে ১৪ জন নিখোঁজ হয়।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সাগর এখনও উত্তাল রয়েছে। উপকূলজুড়ে লঘুচাপের ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। পাহাড়ী ঢলের পানিতে মাতামুহুরী এবং বাঁকখালী নদীতে বন্যার পানির তোড়ে কক্সবাজার সদর, রামু ও চকরিয়া উপজেলার ২০টি বসতবাড়ি ভেসে গেছে।
