পুলিশ সার্জেন্ট জুলফিকার আলী ৪ দিনের রিমান্ডে
ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক পুলিশ সার্জেন্ট জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বিকেল সাড়ে চারটায় পুলিশ দ্রুত বিচার আদালতের বিচারক মীর আলী রেজার আদালতে জুলফিকারকে হাজির করে। পুলিশ তার বিরুদ্ধে সাতদিনের জন্য রিমান্ড আবেদন জানালে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আজহার আলী পুলিশ সার্জেন্টকে আসামী করে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
অ্যাডভোকেট আনোয়ার আহমেদ আদালতে আসামীর রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।
ছিনতাইয়ের শিকার ব্যাবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার রাত একটায় গ্রীন রোডের ২/বি/৬/৪ বাসা থেকে পুলিশ সার্জেন্ট জুলফিকারকে গ্রেফতার করে।
তবে জুলফিকারের সোর্স শাহজাহানকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত সার্জেন্টের তথ্য মতে ছিনতাইয়ের টাকা শাহজাহানের কাছে রয়েছে।
গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বলেন, শাহজাহানকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
