বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সুবিধা কর্মসূচিতে আইএমএফ’র ৯৮ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রদান
দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সুবিধা (পিজিআরএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি পর্যালোচনা করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) ৯৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রদান করেছে।
বুধবার ওয়াশিংটনে আইএমএফ’র নির্বাহী বোর্ড বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির তৃতীয় পর্যালোচনা বৈঠকে এ অর্থ ছাড়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে আইএমএফ বাংলাদেশের তিন বছর মেয়াদী দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সুবিধা (পিজিআরএফ) সংক্রান্ত কর্মসূচির জন্যে ২০০৩ সালের ২০ জুন ৫০৭ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতার অনুমোদন দেন। এছাড়া আর্ন্তজাতিক আর্থিক সংস্থাটি ২০০৪’র ২৮ জুলাই বাংলাদেশের অনুরোধে বাণিজ্য সমন্বিতকরণ কৌশল (টিআইএম) অনুমোদন করে। এর কারণে পিজিআরএফ’র জন্যে বরাদ্দ ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে যায়। ফলে পিজিআরএফ কর্মসূচির জন্য বরাদ্দ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৮৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারে।
এ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশকে ২১৭ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রদান করা হলো। বুধবার সভায় আইএমএফ’র নির্বাহী বোর্ড বাংলাদেশের পিজিআরএফ কার্যক্রমে সহায়তা প্রদানের সময়সীমা ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে, যাতে করে আর্থিক সংস্থাটি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কার্যক্রমের পর্যালোচনা করার আরও সুযোগ পায় এবং প্রতিশ্রুত বাকি অর্থের ছাড় করতে পারে।
আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী বোর্ডের প্রধান রডরিগো ডি রাটো বলেন, নব্বই’র দশকের শুরু থেকে বাংলাদেশে সংস্কার প্রচেষ্টা সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এর ফলে যেমন জাতীয় প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে তেমনি মুল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি লক্ষ্য করেছেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের বিভিন্ন সূচকে অগ্রগতি লক্ষ্য করা গেছে, অপুষ্টি কমেছে কিন্তু লৈঙ্গিক বৈষম্য এখনও অনেক বেশি রয়ে গেছে। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনও চরম দারিদ্র্যের মধ্যে অবস্থান করছে। ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) পৌঁছতে দ্রুত হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে।
তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছে। রডরিগো আরও মত প্রকাশ করেন, পরিকল্পনার তুলনায় বাংলাদেশে প্রশাসনিক সংস্কার ধীর লয়ে হচ্ছে। তবে এর পেছনে রাজনৈতিক পরিস্থিতি জড়িত বলে তিনি বলেন।
পিজিআরএফ কর্মসূচির অধীনে সরকার কর প্রশাসনের সংস্কার সাধন করবে, যাতে অধিক রাজস্ব আয় করা যায়। এছাড়া সরকারকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কার্যকারিতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিনিয়োগের পরিবেশ সহজতর করা এবং বাণিজ্যিক কার্যক্রম ও জ্বালানি খাতে সংস্কার সাধন। রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি খাতের সংস্কার সাধনের মাধ্যমে সরকারকে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ যাতে বাজারের ওপর ভিত্তি করে নমনীয় মুদ্রা বিনিময় নীতি অনুসরণ করে, সে ব্যাপারে আইএমএফ’র নির্বাহী বোর্ড পরামর্শ দিয়েছে।
আইএমএফ আশাবাদ ব্যক্ত করেছে, যেহেতু বাংলাদেশ তৈরি পোষাক খাতে বিদেশী বিনিয়োগকে সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে, আমদানির ওপর বাণিজ্যিক পরিমাণ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতা তুলে নিয়েছে, সেহেতু বাংলাদেশর রপ্তানি খাতে প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
