২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে একজন নিহত

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী ক্যাডার শাহীন (২৫)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পুলিশ জানায়, বুধবার সকালে কুষ্টিয়া সদর থানা পুলিশের একটি দল শহরতলীর লাহিনী বটতলা এলাকা থেকে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের ক্যাডার এবং স্থানীয় আনছু বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড শাহিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে। থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে তার অস্ত্র ভান্ডার ও বাহিনীর ক্যাডারদের অবস্থান সর্ম্পকে পুলিশকে তথ্য দেয়।

শাহীনের দেয়া তথ্য অনুযায়ী রাতেই সদর থানার পুলিশ অভিযানে নামে। ওসি কাজী আহসান হাবিব জানান, রাত ২টার দিকে পুলিশ দলটি জগন্নাপুর গ্রামে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থানরত চরমপন্থীরা পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি বিনিময়ের সময় পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয় শাহীন। পুলিশ ৮০ রাউন্ড গুলি বিনিময়ের কথা স্বীকার করেছে।

পুলিশ জানায়, লাহিনী বটতলা এলাকার নবীর শেখের ছেলে শাহীনের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ অপহরণ, চাঁদাবাজি ও ধর্ষণের ৭টি মামলা রয়েছে।

পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।