২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভূমি রেজিস্টেশন আইন ১ জুলাই থেকে কার্যকর

দেশের ভূমি বিরোধ এবং ভূমি সংক্রান্ত অন্যান্য বিরোধ বন্ধ করতে ১ জুলাই থেকে বহুল আলোচিত ভূমি রেজিস্ট্রেশন আইন কার্যকর হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিভিন্ন জেলা থেকে বিডিনিউজের প্রতিনিধিরা জানান, নতুন নিয়ম এড়াতে জমির মালিক, বিক্রেতা ও ক্রেতারা তাদের জমি নিয়ে অনেক দিনের পুঞ্জিভূত সমস্যা মিটিয়ে ফেলার জন্য ভিড় করছে রেজিস্ট্রি অফিসে।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছিলেন, ১ জুলাই থেকে ভূমি রেজিস্ট্রেশন আইন কার্যকর হবে।

তিনি বলেন, আইন কার্যকর হওয়ার পর বায়নাপত্র, বেচা কেনা অনেক সহজ ও স্বচ্ছ হবে। জমি নিয়ে সৃষ্ট বৈধ সমস্যার সমাধান অনেক সহজ হবে। নতুন এই আইনে ভূমি কেনা বেচার জন্য রেজিস্ট্রেশনসহ অন্যান্য বিষয় সম্পন্ন করা বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, নতুন আইনের ফলে ভূমি সংক্রান্ত বিরোধ ব্যাপকভাবে হ্রাস পাবে।

বিডিনিউজের গাজীপুর প্রতিনিধি জানান, নতুন আইনের ঝামেলা এড়াতে ক্রেতা বিক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে রেজিস্ট্রি অফিসে। ফলে দলিল লেখকদের রাত ১২টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার গাজীপুর সদর রেজিস্ট্রি অফিসে সাত শতাধিক দলিল হয়েছে। সদর ছাড়াও শ্রীপুর, কালীগঞ্জ ও কালিয়াকৈরের চিত্রও একই বলে জানা গেছে।