২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-চীন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: অর্থঋণের সঠিক ব্যবহারের কথা বলেছে বেইজিং

বাংলাদেশকে বিভিন্ন সময়ে ঋণ ও সাহায্য হিসেবে দেয়া ১৪১ কোটি টাকা সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে চীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তবে বিভিন্ন খাতে উদ্বৃত্ত অর্থ অন্য প্রকল্পে ব্যবহারের পক্ষে তাদের মতামতের কথা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত চীন বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সফররত চীনের এশিয়া বিষয়ক পররাষ্ট্র দপ্তরের ভাইস মিনিস্টারের নেতৃৃত্বে ছয় সদস্যের চীনা নেতৃবৃন্দ বৈঠকে যোগ দেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খায়রুজ্জান।

বাংলাদেশ থেকে চীনে রপ্তানিযোগ্য পণ্য চিহ্নিত করতে শিগগিরই চীন একটি ক্রয় প্রতিনিধিদল বাংলাদেশে পাঠাবে। ব্যাংকক চুক্তির সময় চীন ইতোমধ্যেই তাদের বাজারে বাংলাদেশের ৮৪টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকের একটি সূত্র জানায়, চীনের পক্ষ থেকে আমাদেরকে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে যাতে তাদের ক্রয় প্রতিনিধিদলের কাছে সেটি হস্তান্তর করা যায়।

এছাড়া দেশের বিভিন্ন ইপিজেডে অবস্থিত টেক্সটাইল শিল্পের অগ্রগতির জন্য পুণরায় সাহায্য দিতে চীনের অন্য একটি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবে।

প্রায় চার ঘন্টাব্যাপী বৈঠক শেষে ওউ দাউই বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে আমরা আলোচানা করেছি। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি।

তিনি বলেন, আমরা আশা করছি, একবিংশ শতাব্দীতে যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি করব।

খায়রুজ্জামান সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর নিয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফরে যাবেন। তবে আলোচনার সময় সফরের তারিখ ঠিক হয়নি বলে তিনি জানান।

বৈঠকে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

আর্থ সামাজিক ক্ষেত্রে ঋণ, পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা, কৃষি, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি, মহানগর, জেলা ও উপজেলা শহরগুলোতে ডিজিটাল টেলিফোন স্থাপন, বড়পুকুরিয়া কয়লা খনির জন্য চুক্তি, পানি ব্যবস্থাপনা এবং কুনমিং হয়ে বেইজিং-ঢাকা বিমান চলাচল শুরু করার ব্যাপারে আলোচনা শেষে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা বিষয়ক এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান বলেন, এ ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা উন্নয়নে সহযোগিতা এবং সাপ্লায়ার্স ক্রেডিট বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এবছর মে মাস থেকে ঢাকা-বেইজিং সরাসরি বিমান চলাচল শুরু হবে তিনি জানান।

মহানগরীগুলোতে ডিজিটাল টেলিফোন স্থাপনের ব্যাপারে তাদের কোনও কথা হয়নি বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খায়রুজ্জামান।