রাজধানীতে ১৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় পুলিশ সার্জেন্ট বরখাস্ত
রাজধানীর পল্টনে মঙ্গলবার গভীর রাতে একজন ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার মিজানুর রহমান এ ব্যাপারে বিডিনিউজকে জানান, মঙ্গলবার রাতে নবগঠিত পল্টন থানার জুলফিকার আলী নামের ওই পুলিশ সার্জেন্ট আজহার আলী নামে একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ডাকাতি করে। ডাকাতির দায়ে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তার ২/বি/৬/৪ গ্রীন রোডের বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সার্জেন্ট জুলফিকারকে ইতোমধ্যে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ডিবি কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদকালে জুলফিকার ডাকাতির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। জুলফিকার আরও জানায়, ডাকাতির টাকা শাহজাহান নামে পুলিশের এক সোর্সের কাছে জমা আছে। পুলিশ টাকা উদ্ধার করতে শাহজাহানকে গ্রেফতারের জন্যে ব্যাপক অভিযান চালায়। তবে বিকেল ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিপিও’র সামনে থেকে এ ডাকাতির ঘটনার সূত্রপাত হয়। রাত ১০টার দিকে ব্যবসায়ী আজহার আলী একটি প্রাইভেট কারযোগে (ঢাকা-মেট্রো-প-১৪-২২১৫) ৫ লাখ ৫৪ হাজার টাকা এবং ৫০ হাজার সৌদি রিয়েলসহ তার জিগাতলার ১২২ নং মনেশ্বর রোডের বাসায় ফিরছিলেন। এসময় আজহারের ভাতিজা লতিফ ও বজলু সঙ্গে ছিল। তাদের গাড়ি জিপিও’র সামনে আসলে সার্জেন্ট জুলফিকার একটি মটরবাইকযোগে (ঢাকা-মেট্রা-হ-১১-৩২৬৮) এসে গাড়ির গতিরোধ করে এবং তাদের সঙ্গে হুন্ডির টাকা আছে বলে অভিযোগ করে।
এরপর তাদের গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসার আরশাদউল্লাহ ব্যবসায়ীকে দোষী মনে হলে তাকে থানায় সোপর্দ করার জন্যে জুলফিকারকে পরামর্শ দেন। এসময় জুলফিকার থানায় সোপর্দ করার কথা বলে তাদের বিজয়নগরের দিকে যেতে থাকে। কিন্তু বিজয়নগরের প্রিতম হোটেলের কাছে আসলে জুলফিকার টাকার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু জুলফিকারের পরিচয়পত্র, সানগ্লাস, চাবির রিংসহ একটি ব্যাগ নিজের অজ্ঞাতে আজহারের গাড়িতে রেখে যায়।
আজহার আলী বিষয়টি তার এক বন্ধুকে জানায়। ওই বন্ধু রাত ১১টার দিকে ডিবি পুলিশকে বিষয়টি অবহিত করে। পরিচয়পত্র ও অন্যান্য বিষয়ের সূত্র ধরে ডিবি পুলিশ রাত ১টায় জুলফিকারকে গ্রেফতার করে। জুলফিকারের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভবানীপুরে।
এ ব্যাপারে পল্টন থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
