২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক সিতারা পারভীন

নগরীর বনানী কবরস্থানে বুধবার চিরনিদ্রায় শায়িত হয়েছেন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সিতারা পারভীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এর আগে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখানে তার শতশত শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার কফিনে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের করিডোর নয়, পুরো কলাভবন পূর্ণ হয়েছিলো শ্রদ্ধার পুষ্পার্ঘ্য। শতশত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর ভিড়, নেই কোনও হই হুল্লোড়, হাসি-ঠাট্টা। কারো চোখে অশ্রু। একের অশ্রু সংক্রামিত করছে অন্যের চোখকে। একটা চাপা কান্না সকলের বুকে। চোখে মুখে তার স্পষ্ট প্রকাশ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ পৌঁছার কথা ছিল বেলা ১১টায়। তবে বেশিরভাগ শিক্ষার্থীই সকাল ১০টার মধ্যে বিভাগের করিডোরে হাজির হয়। শ্রদ্ধা নিবেদনে আয়োজিত পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনার জন্য একটি স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হয়।

বেলা ১১ টা ২৫ মিনিটে ড. সিতারার কফিন বহনকারী গাড়িটি এসে থামে কলাভবনের সামনে। কফিনের সাথে সাথে ক্যাম্পসে আসেন সিতারা পারভীনের স্বামী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, কন্যা এষা শ্রাবনী, আহাদুজ্জামানের বড় ভাই আসাদুজ্জামান নুর এমপি।

কফিন গ্রহণ করতে শিক্ষকবৃন্দের সাথে যোগ দেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবী গ্রুপের সাথে যোগ দিয়ে অধ্যাপক আরেফিন সিদ্দিক ও অধ্যাপক গোলাম রহমান কফিন বহন করে বিভাগের করিডোরে নিয়ে যান। কফিনটি বিভাগের চেয়ারম্যানের রুমের সামনে একটি টেবিলে রাখা হয়। শিক্ষার্থীদের জন্য মরহুম অধ্যাপকের কফিনটি কিছুসময়ের জন্য খোলা হয়। এসময় শিক্ষার্থীরা তাদের প্রিয় ম্যাডামের নিথর মুখখানি এক নজর দেখার জন্য ভিড় করে।

পরে লাশ নিয়ে যাওয়া হয় অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে ড. সিতারার কফিনে ফুল দিয়ে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানায়।

প্রথমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিরোধী দলীয় নেতার প্রতিনিধিগণ। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ, ঢাবি শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব এডিটরস কাউন্সিল, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ, বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরাজেয় বাংলার পাদদেশ থেকে তার লাশ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে জোহরের নামাজের পর তার নামাজে যানাজা অনুষ্ঠিত হয়।

ড. সিতারা পারভীনের শোকাহত বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ উপাচার্য আফম ইউসুফ হায়দার, বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নুর এমপি, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ অন্যান্যের মধ্যে মরহুমের নামাজে যানাজায় অংশ নেন।

শুক্রবার মরহুমের গুলশানের বাসায় তার কুলখানি অনুষ্ঠিত হবে।

মরহুম অধ্যাপক সিতারা পারভীন স্মরণে আগামী ২ জুলাই কলাভবনে এক শোক সভা অনুষ্ঠিত হবে।

একটি সেমিনারে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন ড. সিতারা পারভীন (৫২)। শিকাগোতে গত ২৪ জুন সকালে ছোট বোন শাহানা ও তার স্বামীর সাথে চেভারোলেট ব্লেজার করে যাচ্ছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন তার বোন শাহানা। হঠাৎ পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয় একটি ডজ কারাভান। উল্টে যায় চেভারোলেট ব্লেজার। ঘটনাস্থলেই নিহত হন অধ্যাপক সিতারা। গুরুতর আহত হন শাহানার স্বামী এবং হালকা আহত হন বোন শাহানা।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সোমবার সিতারা পারভীনের লাশ ঢাকায় আনা হয়। লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া তার বৃদ্ধা মায়ের আগমনের অপেক্ষায় গত দুই দিন গুলশানের বাসায়ই রাখা হয় তার লাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ও সাংবাদিকতায় মাস্টার্স করে ১৯৮২ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন ড. সিতারা পারভীন।

১৯৮৩ সালে তারই সহপাঠী ও বন্ধু ড. আহাদুজ্জামানের সঙ্গে তার বিয়ে হয়।

তাদের একমাত্র কন্যা এষা শ্রাবনী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছে।