২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিতারা পারভীন: নিয়মের প্রশ্নে নরোম মনের কঠিন মানুষ

ডিসেম্বর ৭, ২০০৩। একটু আগে আমার কন্যা এই পৃথিবীতে এসেছে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে ওপরের দিকে। তার আগ্রহের কেন্দ্র একটি বৈদ্যুতিক বাতি। জগতের সমস্ত ভালোবাসা নিয়ে আমার চোখ আমার কন্যার উপর।

নিজস্ব প্রতিবেদক

জাহিদ নেওয়াজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ফুটফুটে টুকটুকে আমার কন্যার দিকে তাকিয়ে আমি মুগ্ধ। অনেক স্বপ্নেরা, অনেক কল্পনারা আমার চোখে। অনেক ভাবনারাও। আমি ভাবছি বড় হয়ে আমার কন্যা কার মতো হবে? মনে মনে বললাম:

মা, তুমি আমাদের সিতারা আপার মতো হও। সাধারণের মাঝে অসাধারণ এক মানুষ আমাদের আপা।

আমার কন্যা রিমঝিম সিমরিনের বয়স এখন ১৮ মাস। আজ যখন প্রথমবারের মতো সিমরিনকে নিয়ে আপার সামনে, আপা তখন গভীর এক ঘুমে। অপরাজেয় বাংলার পাদদেশে কফিনের ভেতর শুয়ে আছেন তিনি। তার প্রিয়তম মানুষেরা-তার কন্যা এষা, স্বামী আহাদুজ্জামান কারো ডাকে আর কখনোই সাড়া দেবেন না তিনি।

শুক্রবার সকালে আলমগীর ভাই ফোনে সংবাদটি জানালেন। তিনিও বিশ্বাস করতে পারছিলেন না বলে আমাকে খোঁজ করতে বললেন। এমন সময়ে আহাদ স্যারকে ফোন করা যায়না। আমি ফোন করলাম নূর ভাইকে। ফোন ধরলেন সেলিম নামে একজন। তাকে জিগগেশ করলাম খবরটি ঠিক কি না। তিনি বললেন, হ্যাঁ।

সংবাদ সংস্থার রিপোর্টার হিসেবে প্রথম দায়িত্ব হলো অফিসকে জানানো। ছোট একটি খবর ছাড়তে হবে। কিন্তু আমি অতো পেশাদার হতে পারলাম না। শুধু রাশেদ ভাইকে ফোনে খবরটি জানিয়ে বললাম, আপনি দেখুন।

ষোল বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার পর আপার সঙ্গে প্রথম সরাসরি কথা তার দেয়া একটি অ্যাসাইনমেন্ট লিখার পর। তিনি লিখতে দিয়েছিলেন, কেনো সাংবাদিকতায় পড়তে এসেছি। অন্য অনেকের মতো আমি কোনো গণমুখী বক্তব্য লিখিনি। যা সত্যি তা’ই লিখেছিলাম: চেয়েছিলাম অর্থনীতি পড়তে। যেহেতু সায়েন্স থেকে এসেছি, অর্থনীতিতে ভর্তির জন্য ম্যাথ অ্যানসার করতে হতো। ম্যাথ অ্যানসার করলে পুরো নম্বর পাবো না, তাই সাধারণ জ্ঞ্যানের উত্তর দিয়ে সাংবাদিকতা পড়তে এসেছি।

আপা বললেন, সাংবাদিকতায় যেহেতু পড়তে এসেছো, এখন সাংবাদিক হওয়ার চেষ্টাই করো। আমি বললাম, জ্বী আপা, সে চেষ্টা করবো। তবে সে ক্ষেত্রে ক্লাশে কম দেখবেন। ততো দিনে আমি একটি সাপ্তাহিকে কাজ শুরু করেছি। সাংবাদিকতাই ধ্যান জ্ঞ্যান। শুনে আপা হাসলেন। তার সেই বিখ্যাত স্মিত হাসি।

একবার ডিপার্টমেন্টের করিডোরে আমরা কয়েকজন কারো একটি স্যান্ডেল দিয়ে ফুটবল খেলছিলাম। হঠাৎ কারো একজনের অ্যাক্রোবেটিক কিকে তা’ আপার রুমে। আপার ব্যক্তিত্বের সামনে কারো সাহস নেই তার রুমে যেয়ে নিয়ে আসবে। হয়তো বোকারা একটু সাহসী হয় অথবা সাহসীরা বোকা। আমাকেই যেতে হলো। তিনি তার স্বভাবসুলভ নরম গলায় বললেন, তোমরাতো কিন্ডারগার্টেনের স্টুডেন্ট নও। আর কিছু বলার দরকার হয়নি। পরের কয়েক মাস আপার ত্রি সীমানা এড়িয়ে চলেছি।

তবে ক্লাশ করতে হয়েছে। আপার ক্লাশ ফাঁকি দেয়া সম্ভব ছিলো না। ক্লাশ না করলে তিনি পার্সেন্টেজ দেবেন না। আপা আস্তে কথা বলতেন বলে এতো দিন সামনে বসতাম। এবার জায়গা হলো পেছনের দিকে।

বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে সিতারা পারভীন যে নিয়মের বাইরে কখনো যাবেন না এটা আমরা টের পেয়েছিলাম প্রথম দিকেই। একবার টিউটোরিয়াল অথবা ইনকোর্স-কোনো একটা পরীক্ষা পেছানোর চেষ্টা করে তা আরো ভালো করে বুঝতে পেরেছি। তবে এই নরোম মনের মানুষটা যে নিয়মের প্রশ্নে কতোটা কঠিন তা টের পেয়েছে আমাদের উত্তরসূরীরা, যখন তিনি ডিপার্টমেন্টের চেয়ারপার্সন। যারা নিয়মমতো ক্লাশ করেনি তাদের কাউকেই তিনি পরীক্ষা দিতে দেননি।

এই নিয়মের মানুষটি হারিয়ে গেলেন একটি অনিয়মের শিকার হয়ে। হঠাৎ তার গাড়ির লেনে উদয় হলো আরেকটি গাড়ি। তার ধাক্কায় আপাকে বহনকারী গাড়িটি অনেকগুলো পাক খেয়ে যখন থামলো তখন

থেমে গেছে তার জীবন। যে আপা কখনো উচ্চস্বরে কথা বলেননি তিনি বিদায় নিলেন কংক্রিট আর স্টিলের উচ্চ শব্দের মধ্য দিয়ে। আমি নিশ্চিত আমাদের প্রিয় আপা তখনো চিৎকার করেননি। হয়তো তিনি তার নিচু গলায় শুধু উচ্চারণ করেছেন, উফ।