সগীর হত্যাকাণ্ড নিয়ে পত্রিকাগুলো ‘কাল্পনিক’ সংবাদ পরিবেশন করছে: পিন্টু
সরকার দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু বুধবার সংসদে সংবাদপত্রগুলোর তীব্র সমালোচনা করে বলেছেন, সগীর হত্যাকান্ড নিয়ে পত্রপত্রিকাগুলো ‘কাল্পনিক’ সংবাদ পরিবেশন করছে।
পিন্টুর ঘনিষ্ঠ বন্ধু যুবদল নেতা সগীর ছিলেন তালিকাভূক্ত সন্ত্রাসী।
লালবাগ এলাকার সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু বলেন, যুবদল নেতা সগীর খুনের ঘটনা নিয়ে সংবাদপত্রগুলো ‘কাল্পনিক’ সংবাদ পরিবেশন করছে, যা হত্যাকাণ্ড তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে।
তিনি সংবাদপত্রগুলোর সম্পাদক ও মালিকদের সমালোচনা করে বলেন, “সগীর হত্যাকাণ্ডের খবর পত্রিকার সম্পাদক ও মালিকরা এমনভাবে উপস্থাপন করছে, যেন তারা ঘটনার সময় উপস্থিত ছিলেন।”
নাসির উদ্দিন পিন্টু আরও বলেন, “তারা সংবাদপত্রের স্বাধীনতার নামে যা ইচ্ছে তা-ই করছে। কিন্তু তাদের ভুলে গেলে চলবে না যে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।”
সগীরকে ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী দাবি করে লালবাগ এলাকার সংসদ সদস্য নাসির পিন্টু সংসদে আরও বলেন, শত শত নেতাকর্মী তাকে শেষবারের মত দেখতে যায় এবং নামাজে জানাযায় অংশ নেয়।
নাসির উদ্দিন পিন্টু সগীর হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রির নিন্দাজ্ঞাপনের ওপর একটি পত্রিকায় প্রকাশিত “অশোভন ও অনৈতিক” সংবাদের তীব্র সমালোচনা করেন। তবে তিনি ওই পত্রিকার নাম উল্লেখ করেননি।
তিনি আরও অভিযোগ করেন, সগীর হত্যাকাণ্ডে তাকে এবং তার ভাইকে জড়িয়ে পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার পিন্টুকে বক্তব্য সংক্ষেপ করতে বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি বক্তব্য বন্ধ না করলে স্পিকার মাইক বন্ধ করে দেন।
এসময় স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার প্রেস কাউন্সিল আইন অনুযায়ী সংসদ সদস্য পিন্টুকে ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
