টঙ্গীতে মাদক সেবীর সংখ্যা বাড়ছে, প্রতিদিন মাদক সেবন করে ২৫ হাজার লোক
টঙ্গীতে মাদকাসক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পুরো টঙ্গী এলাকায় প্রতিদিন গড়ে কমপক্ষে ২০/২৫ হাজার যুবক-যুবতী মরণ নেশায় আসক্ত হয়ে পড়ছে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী ও রিক্সাওয়ালাদের মধ্যেও এ সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কেয়ার বাংলাদেশ, আশা ও প্রশিকাসহ বিভিন্ন সংস্থার যৌথ জরিপে এ তথ্য জানা গেছে।
স্থানীয় এনজিওগুলো জানায়, টঙ্গীতে কমপক্ষে ৭/৮ হাজার মাদকসেবী মাদক গ্রহণ করছে। এদের মধ্যে ৪/৫ হাজার হেরোইন সেবী এবং বাকীরা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে। এর মধ্যে ফেন্সিডিল ও গাঁজা সেবীর সংখ্যা প্রায় ৩ গুন। সেই হিসেবে টঙ্গী শহরে মাদকাসক্তের সংখ্যা ২০/২৫ হাজার। এদের গড় বয়স ২৫ থেকে ৩০ বছর। বিবাহিতদের মধ্যেই মাদক গ্রহণের প্রবণতা বেশি।
এক জরিপে দেখা গেছে, যারা সিরিঞ্জের মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, তারা বেশির ভাগই অন্যের ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করছে। এদের বেশিরভাগেরই এইডস ও এইচআইভি ভাইরাস সম্পর্কে তেমন কোনও ধারণা নেই।
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজকে জানান, আদর ও সেবা দিয়ে এদেরকে সুস্থ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বই সবচেয়ে বেশি। মাদকের ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানাতে পারলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
