২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানা’য় ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু: মানবাধিকার, সমাজিক, রাজনীতিক, অর্থনৈতিক ও ইসলামি ইস্যুতে আলোকপাত

ওআইসি’র (অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স) ৩২তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তিন দিনব্যাপী বৈঠক মঙ্গলবার ইয়েমেন’র রাজধানী সানা’য় শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সংগঠনের ৫৬টি সদস্য রাষ্ট্র এবং আঞ্চলিক ও আর্ন্তজাতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ইসলামী দেশসমূহে সন্ত্রাসবাদ, মানবাধিকার লংঘন, মুসলমান এবং মুসলিম রাষ্ট্রসমূহের ভাবমূর্তি সংকটের মতো যে সব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তার ওপর আলোকপাত করা হয়।

তিন দিনব্যাপী সম্মেলনে ইসলামিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিভিন্ন বিষয় এবং ওআইসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।

ইয়েমেন’র পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-কিরবি বলেন, এমন এক সময়ে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে যখন মুসলমান দেশগুলো আশা করছে যে তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।

আল কিবরি বলেন, সম্মেলনের সুপারিশসমূহ ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে এবং পাশাপাশি জাতিসংঘের সংস্কার প্রক্রিয়ায় সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বিত করতে সহায়তা করবে।

রাশিয়া, ইতালি, জার্মানি এবং স্পেন থেকে প্রতিনিধি দল এই প্রথমবারের মতো এ ধরণের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছেন।

সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্টমন্ত্রীরা বহুপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক কমন মার্কেট নিয়েও আলোচনা করেন।

সম্মেলনের মুখপাত্র বাখিত মানান বলেন, ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, সুদান, সাইপ্রাস এবং কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনাও প্রাধান্য বিস্তার করে।

ওআইসি’র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে সংস্থা’র মহাসচিব একমেলেদ্দিন ইহসানুগলু সংস্কার কর্মসূচি সম্বলিত একটি প্রতিবেদন পেশ করবেন বলে জানিয়েছেন মানান।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গত বৈঠকটি ২০০৪ সালের জুন মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের বিষয়টি মুখ্য হয়ে উঠে।