দেশের ২১২টি শিক্ষা প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়েছে
শিক্ষায় ভাল ফলাফলের জন্য দেশের ২১২ টি সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসাকে পদক দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘ওরিয়েন্টেশন অ্যান্ড এক্সেলেন্সি অ্যাওয়ার্ড’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পদক প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রণালয়ের ‘ফিমেল সেকেন্ডারী স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট’ দুদিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
আয়োজনে জানানো হয়, ওই প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে ৪০০ কোটি টাকা ব্যয়ে ২৯ লাখ ছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হবে। ছয় হাজার ৪০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিন বছর ভাল ফলাফলের জন্য দেশের সেরা ২১২টি স্কুল ও মাদ্রাসাকে পদক দেওয়া হয়।
এ পদক বাবদ এক লাখ ২৫ হাজার টাকা এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
কর্মশালায় মঙ্গলবার অংশ গ্রহণ করে ৭০টি স্কুল। বুধবার করবে আরো ১৪২টি স্কুল।
‘ফিমেল সেকেন্ডারী স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট (২) এর প্রকল্প পরিচালক ড. গোলাম রসুল মিয়ার সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মো.মাহফুজুল হক।
এতে উপস্থিত ছিলেন পদকপ্রাপ্ত স্কুলের ৭০ জন প্রধান শিক্ষক, প্রকল্প উপপরিচালক মো. মাসুদুর রহমান, মীর আক্তার হোসেন প্রমুখ।
শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষার পদ্ধতিকে আরো সহজবোধ্য করতে হবে। তাহলে ছাত্র ছাত্রীর ঝরে পড়ার হার আসবে অনেক কমে।
