কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২টি এখনও বন্ধ
২৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুটি এখনও বন্ধ রয়েছে। ফলে এ কেন্দ্র থেকে পুরো মাত্রায় বিদ্যুৎ উৎপাদনে আরও বছরখানেক সময় লেগে যেতে পারে।
২০০৩ সালের জুলাইয়ে ৪নং এবং ২০০৪ সালের সেপ্টেম্বরে ৫নং ইউনিট দুটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।
কেন্দ্রের ব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজকে জানান, ৪নং ইউনিট মেরামতের জন্যে মে মাসে জাপানের তোশিবা ও মারুবেনির সাথে চুক্তি হয়েছে। ৫নং ইউনিট মেরামতের জন্যেও তাদের সাথে আলোচনা চলছে। শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে। আগামী বছর মাঝামাঝি নাগাদ এ দুটি ইউনিট উৎপাদনে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
পিডিবি সূত্র জানিয়েছে, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের অচল হয়ে যাওয়া এ দুটি ইউনিট মেরামতে ২৪ কোটি টাকা খরচ হবে। বাংলাদেশ সরকার এ অর্থের যোগান দিচ্ছে।
বন্ধ থাকা ইউনিট দুটির প্রতিটির উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। ফলে বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
১৯৬২ সালে তিনটি ইউনিট নিয়ে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কারণে ১৯৮৮ সালে জাপানের মারুবেনি কোম্পানির কারিগরি সহায়তায় ৪ ও ৫ নং ইউনিট দুটি চালু করা হয়।
