২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের দ্বিতীয় ইমিগ্রেশন চেকপোস্ট বটুলি ও স্থল শুল্ক কার্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত

মৌলভীবাজার জেলার দ্বিতীয় ইমিগ্রেশন চেকপোস্ট বটুলি এবং সংলগ্ন স্থল শুল্ক কার্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। চেকপোস্ট ও শুল্ক কার্যালয়ের কোনও সাইনবোর্ড নেই, দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নেই কোনও আবাসন ব্যবস্থা। এ অবস্থায় আধাপাকা টিনশেড ঘরে চলছে ইমিগ্রেশন ও শুল্ক আদায়ের কাজ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং কুলাউড়া উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলতলা ইউনিয়নে ইমিগ্রেশন চেকপোস্টটির অবস্থান। চেকপোস্টের পাশেই স্থল শুল্ক কার্যালয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি আধাপাকা টিনশেডের ঘরে ইমিগ্রেশনের কাজ চলে। চেকপোস্টের দায়িত্বে নিয়োজিত সহকারী দারোগা ও কনস্টেবলদের বাসস্থানের কোনও ব্যবস্থা নেই। সহকারী দারোগা ১৩ কিলোমিটার দূরে কুলাউড়া থানা থেকে সপ্তাহে এক-দুই দিন চেকপোস্টে আসেন। তার অনুপস্থিতিতে কর্মরত পুলিশরাই ইমিগ্রেশন সংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন।

ইমিগ্রেশন কার্যালয়ে প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব থাকায় অফিস পরিচালনায় ব্যাঘাত ঘটছে এবং বিদেশি নাগরিক বা বহিরাগত লোকদের আগমন ঘটলে সংশ্লিষ্টদের বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। কার্যালয়ের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্র বাঁশের তৈরি একটি র‌্যাকে রাখা হয়। এছাড়া কোনও সাইনবোর্ড না থাকায় বিদেশি নাগরিকদের পক্ষে ইমিগ্রেশন কার্যালয়টি সহজে সনাক্ত করা সম্ভব হয় না। বিদ্যুৎ ও প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা না থাকায় চেকপোস্টে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, গত সাত মাসে এই ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে মোট ৩৬ বিদেশি নাগরিক বাংলাদেশে এসেছেন এবং ১৮ বাংলাদেশী ভারতে গেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইমিগ্রেশন সংলগ্ন স্থল শুল্ক কার্যালয়টির অবস্থাও একই রকম। স্থানীয় একটি বাড়ির ভাড়া করা একটি ঘরে সাইনবোর্ডবিহীন অবস্থায় অফিসের কাজ চালানো হচ্ছে। এখানে কোনও গুদাম না থাকায় আটককৃত মালামাল সংরক্ষণ করা সম্ভব হয় না। ফলে আমদানি ও রফতানিকারকদের কাগজে বর্ণিত ওজনই স্থল শুল্ক কার্যালয়ের কর্মকর্তাদের মেনে নিতে হয়। এছাড়া কোনও মহিলা কনস্টেবল না থাকায় মহিলা যাত্রীদের তল্লাশি করাও সম্ভব হয় না।

স্থল শুল্ক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল হক বিডিনিউজকে জানান, ২০০২-২০০৩ অর্থবছরে এই স্থল শুল্ক কার্যালয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৮ লাখ টাকা, সেখানে অর্জিত হয়েছে মোট ২৮ লাখ টাকা।

জানা গেছে, ফুলতলা বাজার থেকে ইমিগ্রেশন চেকপোস্টের দূরত্ব ছয় কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার ইতিমধ্যে পাকা করা হলেও অবশিষ্ট এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমদানিকারকরা অভিযোগ করেন, মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য তারা এই পথে আমদানির উৎসাহ হারিয়ে ফেলেছেন।