২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গত ৬ মাসে ক্রসফায়ারে ৭ জন নিহত

কুমিল্লায় গত ছয় মাসে বিভিন্ন স্থানে ক্রসফায়ারে সাত জন নিহত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে মাত্র একটি এবং চলতি মাসে বাকি সবগুলো ঘটনা ঘটে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ ক’টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 11:05 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি জেলার ব্রাহ্মণপাড়ায় পুলিশের ক্রসফায়ারে নিহত হয় আবুল হাশেম ওরফে হাসিম্ম্যা ডাকাত। ওই ক্রসফায়ারে আহত হয়েছিলেন ওসিসহ এক কনস্টেবল। ঘটনাস্থল থেকে পুলিশ পয়েন্ট ২২ বোরের একটি দেশি রিভলবার ও একটি গুলি উদ্ধার করে।

গত ৩ জুন চৌদ্দগ্রামের রাজেন্দ্রপুরে র‌্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়কালে ক্রসফায়ারে নিহত হয় এক ডাকাত ও এক চোরাকারবারী। এ সময় র‌্যাবের কনস্টেবল মশিউর আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি এলজি, একটি পাইপগান ও একটি বন্দুক উদ্ধার করে।

গত ১২ জুন দাউদকান্দিতে পুলিশের এনকাউন্টার ও গণপিটুনিতে তিন বাস ডাকাত নিহত হয়।

কুমিল্লায় শেষ ক্রসফায়ার সংগঠিত হয় ১৮ জুন। চান্দিনার তীরচর নামক স্থানে গ্রেফতারকৃত সাগরকে নিয়ে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময়কালে ক্রসফায়ারে সাগর নিহত হয়। এ সময় চার পুলিশও আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানা যায়।