একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে: নির্মুল কমিটি
শহীদ জননী জাহানারা ইমামের ১১তম মৃত্যু বার্ষিকী ঊপলক্ষে এক সেমিনারে বক্তারা বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এবং জামাত-শিবিরচক্রের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তা না হলে শহীদ জননীর স্বপ্নের বাস্তবায়ন করা সম্ভব হবে না।
সিরডাপ মিলনায়তনে রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কবীর চৌধুরী। তিনি জাহানারা ইমাম স্মৃতিপদক ২০০৫ ঘোষণা করেন। নারীনেত্রী হেনা দাস ও ওয়ার ক্্রাইমস ফাইন্ডিং কমিটি বাংলাদেশ এ পদক পান।
‘ধর্মনিরপেক্ষতা ও বাংলাদেশ’ শীর্ষক জাহানারা ইমাম স্মারক বক্তৃতায় মূল প্রবন্ধ পাঠ করেন, অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ধর্ম ব্যক্তিগত ব্যাপার। একে রাজনীতিতে টেনে আনলে ব্যক্তি ও সমষ্টির, ধর্ম ও রাষ্ট্রের ক্ষতি ছাড়া লাভ হয় না। আর এখানেই আমাদের বড় সংকট। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো নিজেদের দল, নেতা ও কর্মীর ধর্মীয় ভাবমূর্তি তুলে ধরতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন।
তিনি আরো বলেন, ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় না আর গণতন্ত্র ছাড়া বাংলাদেশের অগ্রগতি অসম্ভব। আমাদের কর্তব্য নিজেদের সব কিছু দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে য়ুদ্ধ করে রাষ্ট্রীয় জীবনে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারীনেত্রী হেনা দাস, শিক্ষাবিদ অজয় রায়, কামাল লোহানী, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ডা. এম হাসানসহ প্রমূখ।
ওয়ার ক্্রাইমস ফাইন্ডিং কমিটি বাংলাদেশ-এর ডা. হাসান বলেন, বিচার না হলে যে কোনও অপরাধ বৈধতা পায়। ৭১’র ঘাতকদের বিচার না করে আমাদের দেশের যে ক্ষতি হয়েছে তা ভবিষ্যত প্রজস্মকে বহন করতে হবে। কামাল লোহানী বলেন, স্বাধীনতার ৩৪ বছরে অনেক দলই ক্ষমতায় এসেছে কোন দল যুদ্ধাপরাধীদের বিচার করেনি। তিনি সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহবান করেন।
