২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করতে সময় বাড়ানোর বিপক্ষে ছিলাম: রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী শনিবার বলেছেন, সৎ কর দাতারা হতাশ হতে পারে বিধায় আমি কালো টাকা সাদা করার জন্য সময় বাড়ানোর বিপক্ষে ছিলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নতুন বাজেট সম্পর্কে আলোচনাকালে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে বাজেট একটি অর্র্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ব্যয়ের ব্যাপার।

তিনি বলেন, যারা আইনের প্রতি অনুগত তাদের জন্য এ বাজেট বৈষম্যমূলক এবং অবিচারপূর্ণ। অন্যদের মতো আইন লঙ্ঘনকারীরা আইনানুসারে কর প্রদান করবে এটা বিশ্বাস্য নয়।

তিনি বলেন, বাজেটকে একটি যৌথ সিদ্ধান্ত এবং এতে নীতি নির্ধারকদের বিবেচনার মতো অনেক কিছু আছে।

রাজধানীর নীলক্ষেতে দ্য ইন্সস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্টস বাংলাদেশ (আইসিএমএবি) মিলনায়তনে এক আলোচনাসভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এ কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পব্যাংকের চেয়ারম্যান আবু আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসনের সদস্য এএসএম জহির মাহমুদ।

আইসিএমএবি এর সহ-সভাপতি সতিপতি মৈত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক স্বপন কুমার বালা আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সাইফুল ইসলাম বাজেটের সমালোচনা করে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জোরদারের ব্যাপারে বাজেটে কোনও সরকারি নির্দেশনা নেই।