২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে প্রথম দিনেই স্পিকারের বাধার মুখে খোকন

সংসদে উপস্থিতির প্রথম দিনেই স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বাধার মুখে পড়লেন নরসিংদী-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

গত ২২ জুন নরসিংদী-১ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম বারের মতো সংসদে যোগ দেন তিনি। ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার সময় তিনি তার জন্য বরাদ্দকৃত সময় পার করেও অনেক সময় ধরে বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। স্পিকারের বারংবার অনুরোধ সত্ত্বেও তিনি বক্তব্য থামাচ্ছিলেন না। অবশেষে খোকনের মাইক বন্ধ করে স্পিকার তার থামিয়ে দেন।

এর আগে দুই দিন বিরতির পর রোববার বিকেল ৫টা ৪২ মিনিটে দিবসের কার্যসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই স্পিকার জমিরউদ্দিন সরকার ক্ষমতাসীন দলের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে সংসদে পরিচয় করিয়ে দেন। এসময় সরকার দলীয় সাংসদরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।

পরে স্পিকার তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করেন।

ফ্লোর নিয়ে খোকন তাকে সংসদে আসার সুযোগ দেয়ার জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে এবং অন্য সাংসদের ধন্যবাদ জ্ঞাপণ করেন।

বক্তব্য শেষ করার জন্য স্পিকার বার বার অনুরোধ করার পরও যখন তিনি বক্তব্য শেষ করছিলেন না তখন বাধ্য হয়ে স্পিকার তার মাইক বন্ধ করে দেন।

এর আগে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার খোকনকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, হুইপ জাহেদ আলী চৌধুরী, হুইপ সৈয়দ শহিদুল হক জামাল, বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, সংস্থাপণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম এবং সরকার দলীয় সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালি ও মোহাম্মদ একেএম ফজলুল হক প্রমুখ।

গত ২২ জুন নরসিংদী-১ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন মুন্নাকে পরাজিত করে জোট প্রার্থী খায়রুল কবির খোকন বিজয়ী হন।

উল্লেখ্য, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ ইসহাকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।