দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ মিত্র’: বার্নস
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র’, রোববার বিকালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আণ্ডার সেক্রেটারি আর নিকোলাস বার্নস এ কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনও তৃতীয় দেশের হাত নেই। বিষয়টি নির্ধারণ করে ওয়াশিংটন ডি.সি।
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ গণতন্ত্রের চমৎকার উদাহরণ। এখানে যুক্তরাষ্ট্র সমর্থিত গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতি নতুন গতিপথ নিচ্ছে, যেখানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্নস সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার উচ্চ প্রশংসা করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও বাঙলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সময়ে ব্যবসা বাণিজের ক্ষেত্রেও অগ্রগতি সাধিত হয়েছে।
নারীর ক্ষমতায়ন এবং মানব পাচারে গৃহীত পদক্ষেপের জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
বার্নস বলেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অগ্রগতির পথে যুক্তরাষ্ট্র প্রশাসনের চলমান সমর্থন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে বার্নস ও যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি দুই দেশের মানুষে মানুষে যোগাযোগের প্রয়োজনয়ীতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
