মেঘনাঘাট ২য় পর্যায়: বিওএন প্রস্তাব গ্রহনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে বিদ্যুত মন্ত্রণালয়কে নির্দেশ
বেসরকারি খাতে (আইপিপি) মেঘনাঘাটে দ্বিতীয় পর্যায়ের ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণে বিওএন কনসোর্টিয়ামের প্রস্তাব গ্রহনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে বিদ্যুত মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
আজ রোববার অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত গ্রহন করে।
এর আগে মে মাসে সরকারের ক্রয় সংক্রান্তকমিটি সর্বনিু দরদাতা বিওএন কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন না করে ফেরত পাঠায়। বলা হয়, প্রাক যোগ্যতা যাচাইয়ের পর বিওএন তার কনসোর্টিয়াম অংশীদার পরিবর্তন করেছে। তাই এর দর অনুমোদনের আগে কনসোর্টিয়ামে অংশীদার পরিবর্তন গ্রহনযোগ্য কিনা তার জন্যে অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত দরকার।
একই সাথে রোববারের সভায় ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান হারবিন কর্পোরেশনকে ১০ শতাংশ ডাউন পেমেন্ট প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়।
আরো কিছু পরিবর্তন এনে সভায় ব্যাপক আলোচিত বেসরকারি পর্যায়ে ১০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণের নীতিমালা পুণঃসংশোধন করে চূড়ান্ত করা হয়েছে।
একই কমিটি গত এপ্রিল মাসে পিডিবি‘র রেটে গ্যাস সরবরাহের নিশ্চয়তাসহ এবং প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম ২ দশমিক ৭৩ সেন্ট নির্ধারণ করে ক্ষুুদ্র বিদ্যুত কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন করে। এতে বলা হয় যে, এনার্জি রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স গ্রহন করে আগ্রহীরা বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে পারবে। তবে বিদ্যুত কেনার ব্যাপারে সরকার কোনো গ্যারান্টি দেবে না।
পরে এটি অনুমোদনের জন্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তা বেশ কিছু মৌলিক পরিবর্তনসহ অনুমোদন করা হয়। এতে বলা হয়, উৎপাদিত বিদ্যুত কেনার গ্যারিন্টি থাকবে। তবে দাম নির্ধারণ করা হবে উন্মুুক্ত দরপত্রের মাধ্যমে।
রোববারের সভায় এই সিদ্ধান্তে আবারো পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। নতুন নীতিতে বলা হয়েছে, এই নীতিমালা অনুসরণ করে ইআরসি‘র কাছ থেকে লাইসেন্স নিয়ে আগ্রহীরা বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে পারবে। তবে পিডিবি, ডেসা, ডেসকো এবং আরইবি যাদের কাছ থেকে বিদ্যুত কিনবে তারা কোথায় কেন্দ্র স্থাপন করবে সেটা ক্রেতা সংস্থা নির্ধারণ করে দেবে। আর এই কেনার দাম নির্ধারিত হবে দরপত্রের মাধ্যমে নয়, ক্রেতা ও বিক্রেতার মধ্যে আলোচনার মাধ্যমে।
তবে এই নীতি চূড়ান্ত করণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধির সাথে কয়েকজন সিনিয়র মন্ত্রীর মত বিরোধ সভায় প্রকাশ্য রূপ নেয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কিছু বলেননি।
এদিকে বিদ্যুত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিওএন কনসোর্টিয়ামে প্রস্তাব গ্রহনের বিষয়টি প্রায় আড়াই বছর ধরে ঝুলে আছে। প্রাক যোগ্যতা পর্যায়ে বিওএন এর কনসোর্টিয়াম অংশীদার ছিল জাপানের নিতসুয়ি কর্পোরেশন। চূড়ান্ত প্রস্তাব দেয়ার আগে তারা জার্মানীর স্টাগ কে অংশীদার হিসাবে গ্রহন করে।
এই কেন্দ্র নির্মাণের জন্য বিওএন প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম উদ্ধৃত করে ২ দশমিক ৭৬ সেন্ট। আর দ্বিতীয় সর্বনিু দরদাতা মালয়েশিয়ার কোম্পানি মালাকব এর দর ছিল ৩ দশমিক ৮০ সেন্ট।
অচিরেই বিওএন এর এই প্রস্তাব অনুমোদনের জন্য ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে। পিডিবি‘র একটি সূত্র জানায়, স্বল্প সময়ে বিওএন এর সাথে চুক্তি হলে তারা ১৬ মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম হবে। আর পুরো প্রকল্প শেষ করতে অর্থাৎ ৪৫০ মেগাওয়াট ক্ষমতায় নিয়ে যেতে মোট ২৮ মাস সময় লাগবে।
উল্লেখ্য, আইপিপি স্থাপনের বিশ্বের সর্বনিম্ন দাম ছিল এইএস হরিপুর কেন্দ্রের। ৩৬০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুত কেন্দ্রের প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম ছিল মাত্র ২ দশমিক ৭৩ সেন্ট।
