২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক তৃতীয়াংশ শিক্ষকের অনুপস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক তৃতীয়াংশ শিক্ষকের অনুপস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এসব শিক্ষক বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এনজিওতে খণ্ডকালীন ও পূর্ণ সময়ের জন্য চাকরি করছেন। অন্যরা দেশের বাইরে রয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে একথা জানা গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুব রহমানের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, পার্টটাইম জব ও কনসালটেন্সির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে সুনির্দিষ্ট কোনও নীতিমালা নেই। কাজেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু শিক্ষার মানোন্নয়ন ও গতিশীলতার প্রয়োজনে এটা নিয়ন্ত্রণ করা দরকার।

এছাড়া খুবি’র ১৬টি অনুষদে নতুন করে দু’শ ২৩ জন শিক্ষক নিয়োগ জরুরি হয়ে পড়েছে।

জানা গেছে, নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যায়ে একটি বাজেট তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর খুবিতে বর্তমানে ১৬টি ডিসিপ্লিনে শিক্ষক সংখ্যা ২শ‘ ৫৩ জন। এর মধ্যে ৮৩ জন শিক্ষক বর্তমানে একাডেমিক কার্যক্রমে তৎপর নন। এসব শিক্ষক খুলনা ও খুলনার বাইরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, এনজিও ও বিদেশী সংস্থায় নিযুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষকরা কমবেশি পার্টটাইম জব ও কনসালটেন্সিতে ব্যস্ত। বাণিজ্য, বিজ্ঞান, ফরেস্ট্রি, স্থাপত্য, মৃত্তিকা, বায়োটেকনোলজি, ফিশারিজ ও নগরউন্নয়ন অনুষদের শিক্ষকরাই কনসালটেন্সি ও পার্টটাইম চাকরিতে বেশি জড়িয়ে পড়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এমনিতেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। তার ওপর পার্টটাইম ও কনসালটেন্সিতে জড়িয়ে পড়ায় এসব শিক্ষকদের শিক্ষা ও মূল্যবান পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি আমরা।

শিক্ষকরা বলছেন, পার্টটাইম জব ও কনসালটেন্সির প্রয়োজন রয়েছে। কেননা তাদের কাছ থেকে সেবা পাওয়ার অধিকার জাতির আছে।

তবে কয়েকজন বিভাগীয় প্রধান বিডিনিউজকে বলেন, শিক্ষকদের বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ফলে পড়ালেখার ওপর বিরুপ প্রভাব পড়বেই।

খোঁজ নিয়ে জানা গেছে, পার্টটাইম ও কনসালটেন্সিতে যেসব শিক্ষক যাচ্ছেন, তাদের বেশিরভাগই খ্যাতিমান ও জনপ্রিয়। তারা অন্যত্র চলে যাওয়ায় বিভাগগুলোতে শূণ্যতা সৃষ্টি হয়েছে।

খুবি প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, এর ফলে শিক্ষকদের গবেষণা কার্যক্রমও কমে গেছে। উল্লেখ করার মত কোনও গবেষণা নেই। রিসার্চ ও জার্নালগুলোও নিয়মিত প্রকাশিত হচ্ছে না।