ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়তে চাইনা: মেজর আখতারুজ্জামান (অব.)
বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, বিএনপির সাথে দর কষাকষির জন্যে নয়, কোনো দেশপ্রেমিক মহাঐক্যজোট হলে সেখানে যোগ দেবো, যদি ওই জোটের নেতারা আমার চারটি শর্ত মানেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিএনপিতে নিজের অবস্থান এবং আওয়ামী লীগে যোগ দিতে পারেন বলে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিতেই তিনি ওই সংবাদ সম্মেলন আয়োজন করেন।
তার চারটি শর্ত হচ্ছে, জবাবদিহিতার স্বার্থে কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, সন্ত্রাস দমনে মহাঐক্যজোটের নিজস্ব কর্মসূচি প্রণয়ন ও র্যাবের কার্যক্রমের বৈধতা প্রদান, দেশ ও জনগণের স্বার্থে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা এবং দুর্নীতি দমনে কার্যকরি পদক্ষেপ গ্রহণ।
আখতারুজ্জামান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেশের জন্যে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেননি। তিনি দেশের জন্যে ভাল কাজ করছেন না, দেশকে ভালর দিকে নিয়ে যাচ্ছেন না, দেশের মানুষের কল্যাণে কাজ করছেন না। বিষয়টি তাকে জানানোর মতো কোনো মানুষ নেই।
তিনি বলেন, দেশের গণতন্ত্র সঠিকভাবে চলছে না। স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার গণতন্ত্রের আবরণে ক্ষমতায় এসেছে, সেখানে গণতন্ত্র ছিলনা, ছিল একনায়কতন্ত্র। তাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারেনা। তবে দলীয় সরকারের আমলে না হলেও তত্ত্ববধায়ক সরকারের আমলে মানুষ মুখ খুলবেই।
মেজর (অব.) আখতারুজ্জামান আমলাতন্ত্রের তীব্র সমালোচনা করে বলেন, বিশ্বের অন্যান্য দেশে রাজনীতিকদের কর্মসূচি আমলারা বাস্তবায়ন করেন। আমাদের দেশে আমলাদের কর্মসূচি রাজনীতিকরা বাস্তবায়ন করেন। দেশের রাজনীতিকদের নিজস্ব কোনো কর্মসূচি নেই। তাই রাজনীতিকদের কর্মসূচি ঘোষণা করতে হবে এবং আমলাদের দিয়ে তার বাস্তবায়ন করাতে হবে। কোনো আমলা কর্মসূচি বাস্তবায়ন করতে না পারলে তাকে চাকরিচ্যুত করতে হবে।
তিনি কোনো দলে যোগ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, দলত্যাগ করে ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়তে চাইনা’। বিএনপিতেই থাকবো, তবে কোনো কার্যক্রমে অংশ নেবো না। দল চাইলে বহিস্কার করতে পারে। এর আগেও বিএনপি চারবার আমাকে দল থেকে বহিস্কার করেছে।
এক প্রশ্নের জবাবে মেজর আখতার বলেন, বিএনপিতে থাকলে আগামী নির্বাচনেও দল আমাকেই মনোনয়ন দেবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার শর্ত মেনে কোনো মহাঐক্যজোট হলে সেখানে ‘এরশাদের মতো লুটেরা বা লম্পটরা আসবে না’। এজন্যেই ওই শর্তগুলো দেওয়া হয়েছে।
