২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করার কর বৃদ্ধি করতে বললেন অর্থমন্ত্রীর সাংসদ পুত্র

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এবং বিএনপির সাংসদ নাসের রহমান অভিযোগ করেছেন, বাজেটে কৃষিখাতে ভর্তুকিসহ কৃষকদের জন্য বরাদ্দ দেওয়া অর্থ প্রকৃত কৃষকরা পায়না। তাই বাজেটে বরাদ্দ বৃদ্ধির আগে বরাদ্দ দেওয়া অর্থ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাসের রহমান কালো টাকা সাদা করার প্রস্তাব প্রসঙ্গে তাকে ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে জড়িয়ে বিরোধী দলের নেতা শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেন।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে নই। আমি নিজেও যদি কালো টাকা সাদা করার সুযোগ নেই, তবুও এ খাতে কর সাড়ে সাত শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা উচিত। তবে এ অর্থবছর শেষ হওয়ার পর বিরোধী দলের নেতা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি বা তারেক রহমান কত টাকা সাদা করেছি।

তিনি বলেন, সিম কার্ডের দামের সাথে কর আরোপের ব্যবস্থা প্রতিবেশী ভারতসহ কোন দেশে নেই। বাংলাদেশে বিরাজমান অবস্থার প্রেক্ষিতে করারোপ করা যেতে পারে। তবে তা ১,২০০ টাকা নয়, আরও কমানো উচিত।