২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি এইডস এর প্রসার রোধে আইন প্রণয়নের পক্ষে সাংসদরা

ক্ষমতাসীন ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা এইচ আইভি এইডস এর ফলে সমাজে সৃষ্ট বৈষম্য রোধে নতুন আইন প্রণয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তারা এ মরনব্যাধিটির ব্যাপারে সমাজে বিরাজমান সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে “বাংলাদেশে এইচ আইভি এইডস পরিস্থিতি: সংসদ সদস্যদের ভূমিকা” শীর্ষক একটি ওরিয়েন্টেশন সেশনে অংশ নিতে গিয়ে সংসদ সদস্যরা এ কথা বলেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে এ ইস্যুটিকে গুরুত্বের সাথে তুলে ধরা, পাঠ্যক্রমে এইচআইভি এইডস বিষয়টিকে অন্তর্ভূক্ত করাসহ বেশকিছু সুপারিশ প্রণয়ন করেন তারা।

এইচআইভি/এইডস ও মানব পাচার প্রতিরোধে গঠিত বাংলাদেশ পার্লমেন্টারিয়ান মেম্বার’স সাপোর্ট গ্রুপ (বিপিএমএসজি) ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।

এইচআইভি/এইডস আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য এবং তাদের অধিকার প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া বলেন, ঘাতক এ ব্যাধিটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্যকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এ মরনব্যাধির প্রধান কারণ দারিদ্র, তা সঠিক নয়, অনেক ধনী দেশ আজ গরীব দেশগুলোকে এধরনের অপবাদ দিতে চাচ্ছে।

তিনি নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার ভিত্তিতে এইচআইভ/এইডস বিষয়টিকে প্রাধান্য দিতে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহবান জানান।

ডেপুটি স্পিকার বিপিএমএসজি’র সভাপতি আখতার হামিদ সিদ্দিকী বলেন, ঘাতক ব্যাধিটি প্রতিরোধে প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে। তিনি এরজন্য রাজনৈতিক অঙ্গীকারের ওপর জোর দেন।

একই কথা বলেন বিএনপি’র হুইপ মো. আশরাফ হোসেন। তিনি বলেন, নতুন আইন প্রণয়ন এবং তার সঠিক বাস্তবায়ন এইচআইভি এইডস প্রতিরোধের জন্য জরুরি।

বিরোধী দলীয় হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুস শহীদ বর্তমান আইনের কার্যকর প্রয়োগের ওপর জোর দেন এবং ঘাতক ব্যাধিটি প্রতিরোধে প্রয়োজনে নতুন আইন করা যেতে পারে বলে উল্লেখ করেন।

জাতীয় পার্টির সাংসদ জিএম কাদের বলেন, এইচআইভি/এইডস বিষয়ে সামাজিক সংকট চরমে, এ ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

আওয়ামী লীগ সাংসদ ফারুক খান, বেশকিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে এইচআইভি/এইডস প্রতিরোধে কাজ করছে এমন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থার কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য একটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, এইচআইভি আক্রান্তদের সঠিক চিকিৎসা, তাদের সামাজিক বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে নতুন বিল পাস ইত্যাদি।

বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম, ইউএনএইডস এর কান্ট্রি কোঅর্ডিনেটর, ইউএনডিপি’র ড. নাজমুস সাহা সাদিক, ইউনিসেফের মেজর জেনারেল ড. মতিউর রহমান ও দিদারুল আলম এসময় উপস্থিত ছিলেন।

সভা পরিচালনায় ছিলেন বিপিএমএসজি’র সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, অধ্যাপক ড. আমানুল্লাহ, অধ্যাপক আবদুল মান্নান, সামছুল আলম প্রামানিক, গোলাম হাবিব দুলাল, হাফিজুদ্দিন আহমেদ প্রমুখ।