বাংলাদেশে আইএসআই’র কার্যকলাপের ব্যাপারে ঢাকার অস্বীকৃতি
বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স)-এর কোনও ধরনের উপস্থিতি ও কর্মকাণ্ড নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকার।
নয়াদিল্লিতে দু দিনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে ঢাকা ফেরার প্রাক্কালে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা কেন আইএসআইকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেব? এতে আমাদের স্বার্থ কী?
এরপর তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, আপনারা কি আপনাদের দেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেবেন?
তিনি আরও জানান, বাংলাদেশের মাটিতে ভারতীয় কোনও বিদ্রোহী কিংবা সন্ত্রাসীও কোনও কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে না বলে দু দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা অঙ্গীকার ব্যক্ত করেছে।
নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দু দেশই একে অপরের সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দু দেশই উত্তেজনাহীন সীমান্ত দেখতে চায়। তবে হেমায়েতউদ্দিন বলেন, নীতিমালা মেনে সীমান্তে বেড়া নির্মাণ করতে হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী’র সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছি। সীমান্তে উত্তেজনা নিরসনে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মনোযোগ খুবই জরুরি।
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের যুক্তি-তর্কের বিভিন্ন বিষয় উল্লেখ করতে গিয়ে তিনি ভূমি সীমানার কথা উল্লেখ করেন। তিনি জানান, দু দেশের মধ্যে ছিটমহল বিনিময় এবং ৬ দশমিক ৫ কিলোমিটার এলাকায় সীমানা চিহ্নিতকরণের নিষ্পত্তি করতে হবে। যদি দু দেশের মধ্যে যৌথ সীমানা ওয়ার্কিং গ্রুপকে আবার সক্রিয় করা যায়, তাহলে বিষয়টি নিয়ে দ্রুত অগ্রসর হওয়া যাবে বলে তিনি মত প্রকাশ করেন।
বৈঠকের সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, আমরা মুক্ত মন নিয়ে নয়াদিল্লিতে এসেছিলাম এবং ইতিবাচক ভঙ্গিতে আলোচনা করেছি। কোনও তাৎক্ষণিক ফল পাওয়ার জন্যে বৈঠকটি অয়োজন করা হয়নি, তবে এটি বিভিন্ন ক্ষেত্রে দু দেশের সামনে এগিয়ে যাওয়ার পথকে সহজ করবে।
মুক্ত বাণিজ্য অঞ্চল সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চল কিংবা এফটিএ সম্পর্কে আমরা পুরোপুরি অবহিত হতে চাই। বিমসটেক ফোরামেও মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া আমরা বিবেচনা করে দেখছি দ্বি-পাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল বাংলাদেশের জন্যে ক্ষতিকর কিনা। তবে আমরা মুক্ত বাণিজ্য অঞ্চল ধারণার বিরোধী নই।
বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনতে তিনি ভারতীয় পক্ষ থেকে কোনও আভাস পেয়েছেন কিনা, এ প্রশ্নের জবাবে হেমায়েতউদ্দিন বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে ভারত একাগ্রতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে।
প্রাকৃতিক গ্যাস বিষয়ে তিনি বলেন, আমরা জানি, আমাদের গ্যাস আছে, তবে তার রিজার্ভ বা মজুদ কত, সে সম্পর্কে পুরোপুরি অবগত নই। আমরা আগে দেখতে চাই, গ্যাসের মজুদ ৫০ বছর পর্যন্ত রয়েছে কি না, তারপর যদি আমাদের উদ্বৃত্ত থাকে তখন রপ্তানির কথা চিন্তা করতে পারি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ গ্যাস উত্তোলন বিষয়ক কোনও প্রস্তাবনা এসেছিল কিনা, সে ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং তা পরীক্ষা করে দেখতে পারি।
পানি বন্টণ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টণ সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। চুক্তিটি হলো গঙ্গার পানি বন্টণ সংক্রান্ত। তিস্তাসহ দু দেশের মধ্যে আরও ৫২/৫৩টি অভিন্ন নদী রয়েছে। এই নদীগুলোর পানি বন্টণ নিয়েও প্রয়োজনে একই ধরনের চুক্তি হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ভারতের পানি সম্পদ মন্ত্রী যৌথ নদী কমিশনের সভায় যোগ দিতে শীঘ্রই ঢাকা সফর করবেন।
