২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক সিমকার্ডের দাম বাড়ানো ইস্যুতে হাইকোর্টের রুল

পূর্বের ঘোষণা অনুযায়ী টেলিটকের সিম কেন ১৮শ’ টাকায় বিক্রি করার নির্দেশ দেয়া হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকার নিয়ন্ত্রিত সংস্থা টেলিটক বাংলাদেশ লিমিটিডের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

লটারিতে টেলিটক সিম বিজয়ী ছয়জন গ্রাহকের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন। একই সাথে অতিরিক্ত ১২শ’ টাকা ভ্যাট আরোপ করে রাজস্ব বোর্ডের জারি করা এসআরও এবং টেলিটকের জারিকরা নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

টেলিটক সিম কার্ডের ওপর অতিরিক্ত ১২শ’ টাকা ভ্যাট আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল হাসান, শাহরিয়ার পারভীন, অ্যাডভোকেট সেলিম আহসান খান, মোহাম্মদ আমীর হামজা খান, রুবিনা ইয়াসমিন এবং মোহাম্মদ সারোয়ার-ই-আলম জনস্বার্থে এই মামলাটি দায়ের করেন।

অর্থ মন্ত্রনালয়ের সচিব, টিএন্ডটি সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ভ্যাট ও কাস্টমের দ্বিতীয় সচিব, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি এই রুল জারি করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, এবছর ৫ মে ই-মেইলের মাধ্যমে টেলিটক সিমকার্ডের জন্য আবেদন করার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর আবেদনকারীরা সিমকার্ডের জন্য আবেদন করেন। বিজ্ঞাপনে বলা হয়, ই-মেইলে আবেদনকারীদের মধ্য থেকে ৫০ হাজার আবেদনকারীকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে এবং নির্বাচিতরা ১৮শ’ টাকার বিনিময়ে সিম কার্ড সংগ্রহ করতে পারবেন।

২২ মে’ লটারি অনুষ্ঠিত হয় এবং লটারির ফলাফল ঘোষণা করা হয় ২৩ মে। এরপর ২০ হাজার গ্রাহক ১৮শ’ টাকার বিনিময়ে টেলিটক সিমকার্ড সংগ্রহ করেন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটি প্রজ্ঞাপন জারির পর ১৩ জুন টেলিটক একটি নোটিশের মাধ্যমে ঘোষণা করে, গ্রাহকদের সিমকার্ডের নির্ধারিত মূল্য ১৮শ’ টাকার সাথে অতিরিক্ত ১২শ’ টাকা ভ্যাট প্রদান করতে হবে।

আদালতে আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যডভোকেট ইদ্রিসুর রহমান।