২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ শুরু, ৭০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

রাজধানীতে শনির আখড়া থেকে গুলিস্তান পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ আগামী জুলাই মাসের মধ্যেই শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ‘গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার প্রকল্প’ নামক এই ফ্লাইওভার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 02:18 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এটিই হবে বেসরকারি ব্যবস্থাপনায় দেশের প্রথম ফ্লাইওভার। কানাডা ও দুবাই এই ফ্লাইওভার নির্মাণে অধিকাংশ অর্থের যোগান দিচ্ছে। তিন বছরের মধ্যে দেশের এই সর্ববৃহৎ ও তৃতীয় ফ্লাইওভারটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বেলহাসা একম এন্ড অ্যাসোসিয়েটস’ ওই প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করে।

নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা এবং বেলহাসার চেয়ারম্যান ওবায়দুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি অনুযায়ী, নির্মাতা প্রতিষ্ঠানটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের ৭০০ কোটির মধ্যে ৬৭০ কোটি টাকার যোগান দেবে। টোল আদায়ের (বিল্ড-ওন-অপারেট এন্ড ট্রান্সফার) মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠানটি ২৪ বছরে তাদের অর্থ তুলে নেবে।

প্রকল্প খাতের বাদবাকী ৩০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই টাকা থেকে বিদেশী পরামর্শক নিয়োগের জন্য ইতিমধ্যেই ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। সরকার টোল আদায়ের মাধ্যমে অর্জিত অর্থ থেকে এই টাকা তুলে নেবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া। অন্যান্যের মধ্যে এতে পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, সাংসদ সালাউদ্দিন আহমেদ বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মাজেদ আহমেদ বিন হাসান বক্তব্য রাখেন।

মান্নান ভূঁইয়া ফ্লাইওভার নির্মাণের সময় স্থানীয় মানুষের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী, নরসিংদীসহ ওই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে। একই সঙ্গে অনেকটাই নিরসন হবে ঢাকা শহরের যানজট।

তিনি বলেন, ঢাকার শহরের ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ১০০ গুন বেশী মানুষ বাস করে। তাই শহরে যানজট লেগেই থাকে। এ যানজটের কারণে দেশে বিনিয়োগকারীরা তেমন আসছে না।

তিনি জানান, সরকার শিগগিরই রাজধানীর মগবাজারে আরও একটি ফ্লাইওভার প্রকল্পের কাজ শুরু করবে। এরপর মিরপুরসহ আরও কয়েকটি স্থানে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে শহরকে যানজট মুক্ত করা হবে।